সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:১২

প্রবীর সিকদারকে হাজিরা থেকে অব্যাহতি

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদার এর জামিন বহাল রেখে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠা এই মামলা চালিয়ে যেতে হবে প্রবীর শিকদারকে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারিক হামিদুল ইসলাম এই আদেশ দেন।

সাংবাদিক প্রবীর সিকদার এর আইনজীবী মোস্তফা জামান উজ্বল জানান, তার একটি পা না থাকার কারণে কৃর্তিম পা দিয়ে চলাফেরা করতে হয়। তাই শারীরিক অসুস্থ্যতার কথা উল্লেখ করে আদলতের নিকট ব্যাক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য আবেদন করা হয়। আদালত তার শারীরিক অবস্থার বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করে। আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গত ১৬ আগষ্ট ঢাকায় নিজ কার্যালয় থেকে প্রবীর সিকদারকে আটক করে রাতেই ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। পরে ১৭ আগষ্ট সন্ধ্যায় আদালতে হাজির করা হলে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় প্রবীরকে জেল হাজতে পাঠানো হয়। পরদিন ১৮ আগষ্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর পরদিন ১৯ আগষ্ট রিমান্ড শেষ হওয়ার আগেই আদালত সাংবাদিক প্রবীর এর জামিন মঞ্জুর করে।

আপনার মন্তব্য

আলোচিত