সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০২০ ১৪:২৪

বেইলি রোড থেকে উপসচিবের মরদেহ উদ্ধার

রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন উপসচিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. আব্দুল কাদের চৌধুরী নামের ৫৮ বছর বয়সী ওই সরকারি কর্মকর্তা বেইলি স্কয়ারের এক নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে থাকতেন।

বুধবার গভীর রাতে ওই বাসার দরজা ভেঙে আব্দুল কাদেরের লাশ পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, এক সপ্তাহ ধরে অফিসে না যাওয়ায় মন্ত্রণালয়ের লোকজন পুলিশে যোগাযোগ করেছিল। এদিকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় আশপাশের বাসার লোকজনও পুলিশে খবর দেয়। ফ্ল্যাটের দুটি দরজা ভেঙে বিছানার ওপর লাশ পাওয়া যায়। বিছানার ওপর থাকলেও আব্দুল কাদেরের পরনে শার্ট-প্যান্ট ও জুতা ছিল। বিছানার ওপর বিভিন্ন ধরনের বেশ কিছু ওষুধ পড়ে ছিল। হয়ত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। লাশে পচন ধরায় কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।

গত সপ্তাহের বুধবার শেষবারের মতো অফিস করেন আব্দুল কাদের। ওই বাসায় তিনি একাই থাকতেন।

পুলিশ জানায়, আব্দুল কাদেরের ব্যাচমেটদের অনেকেই পদোন্নতি পেয়ে সচিব হয়ে গেছেন। তার স্ত্রী বা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার যোগাযোগ নেই বলে আমরা জানতে পেরেছি।

আপনার মন্তব্য

আলোচিত