০৫ মার্চ, ২০১৫ ২২:২৯
কেন্দ্রীয় জাতীয় পার্টি থেকে কারন দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু ও সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশিরকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের চেয়ারম্যান ও মহাসচিবের আদেশক্রমে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসনাত আহমদ জুয়েল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদেরকে নোটিশ প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমদে বাবলুর আদেশক্রমে দেওয়া পত্রে উল্লেখ করা হয়- জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে গত ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। কিন্তু গত ৩ মার্চ সংবাদ সম্মেলন করে দলের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত নতুন আহবায়ক কমিটি গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নতুন সম্মেলন প্রস্তুতি কমিটির বিরোধিতা করায় দলের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সৈয়দ আবুল কাশেম মন্টু ও আব্দুস শহীদ লস্কর বশিরকে পত্রপ্রাপ্তির ৭ দিনের মধ্যে শোকজের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শোকজের জবাব না দেওয়া হলে তাদের প্রতি দলীয় গঠণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে শোকজে উল্লেখ করা হয়েছে।
আপনার মন্তব্য