১৭ নভেম্বর, ২০১৫ ১৯:৪০
পার্থে এওয়ে ম্যাচে সকারুদের সাথে ৫-০ গোলে হেরেছিল মামুনুলরা। ফিরতে লেগে দেশের মাটিতে ব্যবধান কমিয়ে এবার ৪-০ গোলে হেরেছে তারা। অস্ট্রেলিয়ার চার গোলেরর মধ্যে তিনটিই করেছেন টিম কাহিল। বিশ্বের নামকরা এই তারকার হ্যাটট্রিক ছাড়াও অপর গোলটি এসেছে দলপতি জেডিনাকের পা থেকে। চারটি গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে।
শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা সকারুরা ৬ মিনিটেই এগিয়ে যায় টিম কাহিলের গোলে। এরপর ফিফা র্যাংকিংয়ের ৬০ নম্বর দলকে অবাক করে দিয়ে ম্যাচের ২২ মিনিটের মাথায় আক্রমণ শানে ৠাংকিংয়ের ১৮০ নম্বরে থাকা ফ্যাবিও লোপেজের শিষ্যরা। তবে, সকারুদের শক্ত ডিফেন্স চিড়ে কিছুই করতে পারেনি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে অস্ট্রেলিয়া জোরালো শট নিলেও স্বাগতিক গোলরক্ষক শহীদুল তা রুখে দেন।
ম্যাচের ৩০ মিনিটে লংপাসে বাংলাদেশ সকারুদের ডি-বক্সে বল আনলেও সেখানে কোনো স্বাগতিক ফুটবলার না থাকায় সমতায় ফেরা হয়নি।
খেলার ৩২ মিনিটের মাথায় আরেকবার লিড নেয় অস্ট্রেলিয়া। এবারো দলকে এগিয়ে নেন টিম কাহিল। বাংলাদেশের সীমানায় জটলার মধ্য থেকে বল জালে জড়িয়ে দেন কাহিল। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় সকারুরা। ম্যাচের ৩৭ মিনিটে আবারো গোল করেন টিম কাহিল। এ গোলের মধ্য দিয়ে সকারু তারকা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
খেলার ৪৩ মিনিটে আরও ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া। দলের চতুর্থ গোলটি করেন দলপতি জেডিনাক।
দ্বিতীয়ার্ধে ডিফেন্সকে আরও শক্ত করে বাংলাদেশ। নিজ ঘর সামলে বার তিনেক অসিদের প্রান্তে গিয়ে আক্রমনও চালিয়েছিলেন হেমন্ত-জীবনরা। তবে গোল দেয়া সম্ভব হয়নি বাংলাদেশে। উল্টো একাধিক গোলের সুযোগ ছিল জেডিনাকদের সামনে তবে রক্ষণের দৃঢ়তায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে বাকি ৪৫ মিনিট আর গোল করতে না দিলে খেলা শেষ হয় প্রধামার্ধের স্কোরেই।
হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন টিম কাহিল।
আপনার মন্তব্য