১৫ অক্টোবর, ২০২৬ ১২:২৭
ছবি: সংগৃহীত
‘যিনি রোমকে গৌরব এনে দেন, রোম তাকে চিরদিন সম্মান জানায়’- রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকে নিয়ে দর্শকদের এই ব্যানার, এই কোচকে আবেগে ভাসানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু ম্যাচের বেশিরভাগ সময় ব্যক্তিগত এই আবেগের চাইতে বেশি ছিল দলের পরাজয়ের শঙ্কা। তবে শেষ পর্যন্ত এই শঙ্কা উড়ে গেল রিয়াল মাদ্রিদের কয়েক মিনিটের কামব্যাক-ঝড়ে। মাত্র সাত মিনিটে খেলা বদলে দিল রিয়াল। পরাজয়ের শঙ্কায় থাকা দলটি লিখল আরও এক কামব্যাকের গৌরবগাথা।
চ্যাম্পিয়নস লিগের চেনা আঙিনায় ‘রিয়াল মাদ্রিদ ডিএনএ’ এবং মরিনহোর মাস্টারস্ট্রোক এক হয়ে শেষ ৭ মিনিটে রূপ নিল এক অবিশ্বাস্য মহাকাব্যে। ৩-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ বাঁশি বাজার মুখে ৪-৩ ব্যবধানে ছিনিয়ে নিয়ে ইতালির রাজধানী শহরকে স্তব্ধ করে দিল ১৫ বারের ইউরোপিয়ান রাজারা।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল রিয়ালের জন্য অস্বস্তিকর। রোমার দুর্দান্ত চাপের মুখে ম্যাচের ২০তম মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ শটে স্বাগতিকদের এগিয়ে দেন মার্টেন ডি রুন। নিজের শততম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপ্পে ৫ মিনিট পরই সমতা ফেরান। রাউল গঞ্জালেসকে টপকে টুর্নামেন্টে নিজের ৭২তম গোলটি করে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। আগের রেকর্ডটি ছিল লিওনেল মেসির। ২০১৫ সালে রোমার বিপক্ষে ২৮ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন এই মহাতারকা। কাকতালীয়ভাবে ১১ বছর পর সেই রোমার বিপক্ষেই নতুন কীর্তি গড়লেন এমবাপ্পে।
তবে বিরতির পর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় জিয়ান পিয়েরো গাসপেরিনির রোমা। স্বাগতিকদের ডাচ সেনসেশন দোনিয়েল মালেন মাত্র ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে অলিম্পিকোর গ্যালারি উন্মাদনায় ভাসান। রিয়ালের ভঙ্গুর রক্ষণ আর দুর্বল মধ্যমাঠের সুযোগ নিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে মরিনহোর দলকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল স্বাগতিকরা।
কিন্তু মহানাটকের আসল অঙ্ক তখনও বাকি ছিল। এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর বেঞ্চ থেকে আরদা গুলের, এনদ্রিক এবং কার্লোস এস্পিকে মাঠে নামান মরিনহো। আর এই তিন বদলি তারকাই ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। একে একে রিয়ালের সেট-পিস আর এরিয়াল অ্যাটাকের কাছে চুরমার হয়ে যায় রোমার রক্ষণভাগ। ৮৩তম মিনিটে গুলেরের কর্নার থেকে এনদ্রিকের সহায়তায় বদলি নামা এস্পি ব্যবধান ৩-২ করেন। ঠিক দুই মিনিট পর, আবার সেই গুলেরের মাপা কর্নার, এবার লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান (৩-৩) ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক।
রোমার পুরো ডিফেন্স যখন দিশেহারা, ঠিক ৯০তম মিনিটে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আঘাত হানেন সাবেক রোমা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। গুলেরের নিখুঁত ক্রস থেকে ফ্লিক করে রিয়ালকে ৪-৩ গোলের অবিস্মরণীয় এক জয় এনে দেন এই জার্মান সেন্ট্রাল ব্যাক। মাত্র সাত মিনিটের এই তাণ্ডবে ওলিম্পিকোর গ্যালারিতে নেমে আসে শ্মশানের নীরবতা। অবিশ্বাস্য জয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
তবে ম্যাচের চিত্র হতে পারতো ভিন্ন। ৩-১তে যেভাবে পিছিয়ে ছিল রিয়াল। সেখানেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো বলেন, ‘প্রথমার্ধের ব্যর্থতা পুরোপুরি কোচের ভুল ছিল, আর দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানো খেলোয়াড়দের কৃতিত্ব। ফুটবল ৯০ মিনিটের এক কৌশলগত খেলা। রোমা সত্যিই দুর্দান্ত খেলেছে। কিন্তু পুরো ৯০ মিনিট তারা যে তীব্রতা নিয়ে খেলেছে, তা ধরে রাখা অসম্ভব ছিল। আমি যে পরিবর্তনগুলো দরকার মনে করেছি সেটাই করেছি।’
৫৮তম মিনিটে হঠাৎ করে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তে কিছুটা ক্ষোভ দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে। এ নিয়ে ড্রেসিংরুমের আবহাওয়া প্রসঙ্গে মরিনহো যোগ করেন, ‘ভিনি একটা বল হারিয়েছিল যেটা তার হারানো উচিত হয়নি। তবে ফুটবল এরকমই, আমিও ভুল করি। মাঠে তার উঠে আসা এবং ছন্দ পাওয়ার মুহূর্তে এমন হওয়াটা দুঃখজনক। খেলোয়াড় হিসেবে তার অসন্তুষ্ট হওয়াটা স্বাভাবিক, তবে ম্যাচ শেষে জয়ের পর সে খুব খুশি ছিল।’
অন্যদিকে ম্যাচ শুরুর আগেই ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে প্রতিপক্ষের চুল টানার কারণে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের চার ম্যাচের নিষেধাজ্ঞার আদেশ পাওয়ায় ক্ষোভ গোপন করতে পারেননি মরিনহো। ব্রডকাস্টারদের মুখোমুখি হয়ে তিনি কড়া গলায় মন্তব্য করে জানান, ‘ওরা এখন নির্লজ্জের মতো কাজ করছে। বিড়াল এখন থলে থেকে বেরিয়ে পড়েছে। ম্যাচের দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড় কীভাবে জানতে পারে যে সে চার ম্যাচের জন্য নিষিদ্ধ? তারা কি এটা পরে করতে পারত না? আমাদের বাসে করে স্টেডিয়ামে পৌঁছানোর পর কেন এটা জানতে হবে?’
এই জয়ে লিগ পর্বে নিজেদের টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিশ্চিত করল মরিনহোর দল, আর স্মরণীয় পারফর্ম করেও চরম হতাশায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রোমা। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের পরের ম্যাচ আগামী ২১ অক্টোবর, আরবি লাইপজিগের বিপক্ষে। এর আগে আগামী রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে খেলবে হোসে মরিনহোর দল।
আপনার মন্তব্য