নিউজ ডেস্ক

২১ নভেম্বর, ২০১৫ ০৯:৪৪

আজ রিয়াল-বার্সা মহারণ : মেসি-রোনালদো কি প্রস্তুত ?

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াইয়ের প্রধান আকর্ষণ লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখা যাবে কি যাবে না এ নিয়ে জোর আলোচনা চলছে মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে ঘিরে। দুরন্ত ফর্মে থাকা লুইস সুয়ারেস-নেইমার জুটিকে সের্হিও রামোস-রাফায়েল ভারানেরা রুখতে পারবেন কি না - চলছে সেই তর্কও।

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হবে।

এ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে দু:শ্চিন্তা খুব একটা নেই। আছে চোট কাটিয়ে সদ্যই অনুশীলনে ফেরা মেসিকে খেলানো নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব। গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে মেসির খেলার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

“মেসির অবস্থা ভালোই মনে হচ্ছে। শনিবার সে কেমন থাকে তা আমরা আজ আর আগামীকালের মধ্যে দেখব।”

মেসি শুরু থেকে খেললে বার্সেলোনার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে উল্লেখ করেন ইনিয়েস্তা। তবে স্পেনের এই মিডফিল্ডার জানান, আর্জেন্টিনার তারকা এই ম্যাচে না খেললেও আত্মবিশ্বাসের কোনো কমতি নেই কাতালুনিয়ার দলটিতে।

“লিওকে পাওয়াটা আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু সে যদি খেলতে না পারে তাহলেও রিয়ালের সঙ্গে লড়াই করার মতো খেলোয়াড় আছে আমাদের দলে।”

নেইমার আর সুয়ারেস দারুণ ছন্দে থাকাতেই এটা দৃঢ় কণ্ঠে বলতে পেরেছেন ইনিয়েস্তা।

স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি।

 মেসিবিহীন বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নেইমার ও লুইস সুয়ারেস। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার বার্সেলোনার হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩টি গোল করেন। উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস ১৩ গোল করেন ১৭ ম্যাচ খেলে।

মেসি খেলতে না পারলে বঞ্চিত হবেন আসলে বিশ্বজোড়া ফুটবল রোমাঞ্চপিয়াসীরা; ইউরোপের ফুটবলে গত কয়েক বছর ধরেই উত্তেজনা ছড়িয়ে আসা মেসি-রোনালদো দ্বৈরথ এবার আর দেখা হবে না।

সব শঙ্কা উড়িয়ে মেসি মাঠে নামলে ইউরোপের ক্লাব ফুটবলে সময়ের সেরা দুই আক্রমণভাগের লড়াইটাও উপভোগ করতে পারবে বিশ্ব। একদিকে ‘এমএসএন’ নাম পেয়ে যাওয়া বার্সেলোনার আক্রমণত্রয়ী মেসি-সুয়ারেস-নেইমার, অন্যদিকে ‘বিবিসি’ নামের বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো ত্রয়ী।

চোট কাটিয়ে গ্যারেথ বেল আর করিম বেনজেমা অনুশীলনে ফেরায় এই ম্যাচে বিবিসি ত্রয়ীর খেলার সম্ভাবনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাল মিলিয়ে চলতে রোনালদোর দিকেই মূলত তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ।

এ মৌসুমে রিয়ালকে সেভাবে নির্ভরতা দিতে পারেননি পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল রোনালদো ঠিকই করেন, তবে ধারাবাহিক নয় তার পারফরম্যান্স।

লিগের প্রথম দুই ম্যাচে গোলহীন থাকার পর তৃতীয় ম্যাচে এসপানিওলের বিপক্ষে দলের ৬-০ ব্যবধানের জয়ে একাই ৫ গোল করেন রোনালদো। এর পর আবার ৪ ম্যাচে গোলহীন ছিলেন তারকা এই ফরোয়ার্ড। তারপর টানা তিন ম্যাচে একটি করে গোল করেন। সেভিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে দলের ৩-২ ব্যবধানের হারে আবার গোল পাননি রোনালদো।

১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের কোচ রাফায়েল বেনিতেসের বিশ্বাস সবকিছু পেছনে ফেলে জ্বলে উঠবেন তার দলের বড় খেলোয়াড়রা।

“এই ম্যাচ নিয়ে খেলোয়াড়রা বাড়তি অনুপ্রাণিত। …বড় ক্লাবের বিপক্ষে বড় ম্যাচে খেলতে পছন্দ করে বড় খেলোয়াড়রা। এই সপ্তাহে এটা বাড়তি অনুপ্রেরণা, তাই আশাবাদী হয়েই এই ম্যাচে নামছি আমি।”

১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার জন্য এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রেরণা ‘এল ক্লাসিকো’র সাম্প্রতিক পরিসংখ্যান।  

বার্সেলোনার বিপক্ষে লা লিগায় নিজেদের মাঠে সবশেষ সাতটি ম্যাচের মাত্র দুটিতে জিতেছে রিয়াল। বাকি ৫ ম্যাচের চারটিতে হারে তারা, একটি হয় ড্র। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে বার্সেলোনার কাছে ৬টিতেই হারে রিয়াল। বাকি ৬ ম্যাচের তিনটি ড্র করে, তিনটিতে জয় পায় তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত