সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪১

ভারতীয় যুবাদের নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে পিসিবি

ছবি: সংগৃহীত

মাঠে ব্যাট-বলের লড়াইটা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের। ভারতকে গুঁড়িয়ে দিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান। কিন্তু মাঠের সেই উত্তাপ এবার গড়াচ্ছে আইসিসি পর্যন্ত। ভারতীয় যুবাদের ‘আচরণ’ নিয়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত রোববারের ফাইনালে পাকিস্তানের রানের পাহাড়ে চাপা পড়েছিল ভারত। সামির মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পাকিস্তান তুলেছিল ৩৪৭ রান। জবাবে ভারত মাত্র ১৫৬ রানেই থেমে যান। ১৯১ রানের বিশাল জয়ে উল্লাস করে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবি, তাদের এই আনন্দের মধ্যেই কাঁটা হয়ে বিঁধেছে ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং বা উসকানিমূলক আচরণ।

সংবাদমাধ্যমে নাকভি বলেছেন, ‘পুরো ম্যাচটিতে ভারতীয় ক্রিকেটাররা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাব। রাজনীতি আর খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত।’

সরফরাজ আহমেদ এক ধাপ এগিয়ে বললেন, ‘ভারত যা করেছে, তা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। আমরা কিন্তু জয়ের পর যথেষ্ট খেলোয়াড়সুলভ আচরণ করেছি। মাঠের খেলায় মাঠের ভদ্রতা বজায় রাখা জরুরি। ভারত যা করেছে, তা তাদের মানসিকতারই প্রতিফলন।’

ভারত-পাকিস্তান লড়াই মানেই যেন বারুদ উম্মাদনা। সর্বশেষ বড়দের এশিয়া কাপেও পাকিস্তানের হারিস রউফ এবং ভারতের সূর্যকুমার যাদবদের আচরণবিধি ভাঙার দায়ে আইসিসির তিরস্কার করেছিল। সেই রেশ এবার গিয়ে লাগল যুবাদের এশিয়া কাপেও।

আপনার মন্তব্য

আলোচিত