১৯ জুন, ২০২৬ ১০:০২
ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত প্রাণপণ লড়াই করেও হার এড়াতে পারল না দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, রক্ষণের অনড় প্রাচীর আর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা গোলরক্ষকের দৃঢ়তায় কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে মেক্সিকো।
এই জয়ে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করল উত্তর আমেরিকার এই দেশটি।
গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই রোমাঞ্চকর ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকানরা।
প্রথমার্ধের খেলা মাঠে গড়ানোর পর স্বাগতিকদের পারফরম্যান্স ছিল একেবারেই ম্যাড়মেড়ে। গ্যালারিভর্তি দর্শক এতটাই হতাশ ছিলেন যে, বিরতির সময় মাঠ ছাড়ার সময় মেক্সিকান ফুটবলারদের ধুয়ে দিতেও ছাড়েননি তারা। তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র বদলে যায় ভাগ্যের এক অদ্ভুত ছোঁয়ায়। ম্যাচের ৫০তম মিনিটে ঠিক সময়ে ঠিক জায়গায় অবস্থান করছিলেন মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ বাতাসে ভাসানো বল গ্লাভসবন্দি করতে গিয়ে সামনে থাকা নিজের দলেরই ডিফেন্ডার লি গি-হিউকের সঙ্গে জোরাল ধাক্কা খান। মুহূর্তেই গোলরক্ষকের হাত থেকে বল ফস্কে আলগা হয়ে সামনে পড়ে। ফাঁকা পোস্ট পেয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি ওত পেতে থাকা রোমো। আর এই সৌভাগ্যের গোলেই ম্যাচের ভাগ্যলিপি লেখা হয়ে যায়।
ম্যাচে পিছিয়ে পড়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে দক্ষিণ কোরিয়া। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। ম্যাচের ৮৭তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল এশিয়ান জায়ান্টরা। দলের ফরোয়ার্ড চু গিউ-সুংয়ের একটি বুলেট গতির জোরাল হেড অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন মেক্সিকান গোলরক্ষক রাউল রানহেল। এখানেই শেষ নয়, কোরিয়ান স্ট্রাইকারের নেওয়া ফিরতি শটটিও ঠেকিয়ে দিয়ে জাল সুরক্ষিত রাখেন এই গোলকিপার।
এর আগে ৭৫তম মিনিটে মেক্সিকোও পারতো ব্যবধান দ্বিগুণ করতে। মাঠের কঠিন কোণ থেকে রাউল হিমেনেসের নেওয়া একটি চমৎকার শট দারুণভাবে প্রতিহত করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। ঠিক তার পরমুহূর্তেই বদলি হিসেবে নামা ওবেদ ভার্গাসের একটি গতিময় শট ডাইভ দিয়ে ফিরিয়ে কোরিয়াকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় সন হিউং-মিনদের দলকে।
টানা দুই ম্যাচে দুই জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মেক্সিকো। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। গ্রুপের বাকি দুই দল চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১ করে।
আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেকিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। সেই ম্যাচে স্রেফ একটি ড্র করতে পারলেই গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে তারা।
অন্যদিকে, এই ম্যাচে হেরে গেলেও প্রথম ম্যাচে চেকিয়ার বিপক্ষে পাওয়া পূর্ণ ৩ পয়েন্টের সুবাদে শেষ বত্রিশের দৌড়ে এখনও বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়া।
আপনার মন্তব্য