স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২৬ ০৭:৩৯

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা

বিশ্বমঞ্চে অভিষেক ঘটা মাত্র ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার একটি দেশ যে একের পর এক সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে কাঁপন ধরিয়ে দেবে, তা হয়তো ফুটবল ঈশ্বরও ভাবেননি। স্পেনের সাথে অবিশ্বাস্য ড্রয়ের পর, এবার দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ের জয়রথও থামিয়ে দিল আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দ।

ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে সোমবার (২২ জুন) ভোরে দুই গোল হজম করেও উরুগুয়েকে ২-২ ব্যবধানে আটকে দিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকে ল্যাটিন পরাশক্তি উরুগুয়ে বলের দখল নিজেদের পায়ে রাখলেও প্রথম ধাক্কাটি দেয় কেপ ভার্দই। ম্যাচের ২৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে চোখধাঁধানো এক ফ্রি-কিকে উরুগুয়ের জাল কাঁপিয়ে ইতিহাস গড়েন কেভিন পিনা।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় উরুগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে এসে যেন ভাগ্যের চাকা ঘোরে তাদের। ৪৪ মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার লোপেসের একটি ভুল হেড নিজেদের বারে লেগে ফিরে আসলে সেখান থেকে ডাইভিং হেডে সমতা আনেন মাক্সি আরাউহো।

এর ঠিক দুই মিনিট পর, প্রথমার্ধের ইনজুরি টাইমে আরাউহোর পাস থেকেই দুর্দান্ত এক ভলিতে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আউতি কানোবিও।

তবে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়তে আসা কেপ ভার্দ যে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়, তা প্রমাণিত হলো দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের মারাত্মক এক ভুলের ফায়দা লোটেন তিন মিনিট আগে বদলি হিসেবে মাঠে নামা এলিও ভ্যারেলা। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক-পাস ক্লিয়ার করতে উরুগুয়ে গোলরক্ষক বক্সের অনেকটা বাইরে চলে এলে তাঁর পা থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা জালে বল জড়ান ভ্যারেলা।

এরপর উরুগুয়ে আরও একবার বল জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে দুপক্ষই মরিয়া হয়ে লড়লেও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

১৭টি শট নিয়েও উরুগুয়ে যেখানে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল, সেখানে কেপ ভার্দের ৪টি শট অন-টার্গেট ছিল।

এই নাটকীয় ড্রয়ের পর ‘এইচ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল স্পেন। সমান ২ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে উরুগুয়ে দুইয়ে এবং কেপ ভার্দ তিনে অবস্থান করছে।

আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ে লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে, আর নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখা কেপ ভার্দ মুখোমুখি হবে সৌদি আরবের।

আপনার মন্তব্য

আলোচিত