স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৬ ০১:১৫

ভারতীয় মিডিয়াও সমীহ করছে মাশরাফিদের

এশিয়া কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব, রবিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। মুখোমুখি লড়াইয়ের আগে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সমর্থকদের তীব্র লড়াই দেখা যাচ্ছে। খেলার মাঠেও দুই দল কেউ কারও থেকে পিছিয়ে নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে ভারতের গণমাধ্যমগুলোও মাশরাফিদের সমীহের চোখেই দেখছে।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের মুখোমুখি হওয়াকে ভারতের জন্য চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেছে।

গণমাধ্যমটি লিখেছে, র‌্যাংকিংয়ে ভারত প্রথমস্থানে রয়েছে আর বাংলাদেশ রয়েছে দশমস্থানে। কিন্তু টি২০ ক্রিকেট বলেই এক ওভারেই ম্যাচে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

এছাড়া তামিম ইকবাল বনাম বুমরাহ, সৌম্য সরকার বনাম অশীষ নেহারা, রবিচন্দন অশ্বিন বনাম সাব্বির রহমান, রোহিত শর্মা বনাম তাসকীন আহমেদের জমজমাট লড়াইয়ের আভাসও দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পাশাপাশি মাশরাফি, সাকিব, সাব্বির ও মাহমুদুল্লাহরা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে খেলায় মিস করবে উল্লেখ করলেও পাশাপাশি লিখেছে, এই বাংলাদেশের বিপক্ষেই ২০১২ সালের ফাইনালে জিততে বেগ পেতে হয়েছিল পাকিস্তানের।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অকুন্ঠ প্রশংসার কথাও তুলে ধরেছে টাইমস অফ ইন্ডিয়া। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ভাল দল। তারা অনেক উন্নতি করছে। আশা করছি একটি ভাল ফাইনাল হবে।

ধোনি বলেন, ‘প্রতিটি ভাল দলই নিজের মাঠের কন্ডিশন ভাল বুঝে। সেক্ষেত্রে বাংলাদেশকে হারানো কঠিন হবে। কারণ তারা তাদের সামর্থ্য বৃদ্ধি করেছে।’

অন্যদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেটনেক্সটও ভারতের জন্য বাংলাদেশকে থ্রেট বলে উল্লেখ করেছে। গণমাধ্যমটি সাকিব, তামিম, সাব্বির, আল আমিন ও তাসকীনদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।

পাশাপাশি ৪ ম্যাচে সাব্বিরের ১৪৪ রান সংগ্রহ করা ও ৪ ম্যাচে আল আমিন হোসেনের ১০ উইকেট সংগ্রহের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেছে ক্রিকেটনেক্সট। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ প্রশংসা পেয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন পত্রিকারও। সর্বশেষ ১০টি খেলায় ভারত ৯টিতে জিতলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে উড়ন্ত বলে জানিয়েছে ডন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়সহ সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই মিরপুরে রুদ্ধশ্বাস এক ফাইনাল অপেক্ষা করছে বলেও ডনের বক্তব্য। একইসাথে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সাথে বাংলাদেশের রুদ্ধশ্বাস লড়াইয়ের কথাও উল্লেখ করেছে গণমাধ্যমটি, যদিও সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২ রানে।

এদিকে ভারতেরে টিম ম্যানেজার রবি শাস্ত্রিও বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলছে। প্রথম ম্যাচটিও দারুণ হয়েছে। বাংলাদেশ ভাল শুরু করেছিল। শেষ ১০ ওভারেও আমরা চাপে ছিলাম।’

আপনার মন্তব্য

আলোচিত