স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৬ ১৪:৪৪

মেসির ঘাড়ে নি:শ্বাস ফেলছেন ‘সিআর সেভেন’

সেল্তা ভিগোর জালে এক হালি গোল করার পথে কিংবদন্তি তেলমো সাররাকে পেছনে ফেলে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড সামনে আছেন কেবল বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোকে ৭-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। ওই ম্যাচেই ৫০ থেকে ৭৬-এই ২৬ মিনিটের মধ্যে চার গোল করেন রোনালদো। রিয়াল মাদ্রিদের দাবি, সব মিলিয়ে লা লিগায় রোনালদোর গোল হলো ২৫৩টি। ২৫১ গোল নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর খেলা নয় মৌসুমে ২২৮টি ম্যাচ খেলে গোলগুলো করেছেন রোনালদো।

উয়েফার ওয়েবসাইটে অবশ্য বলা হয়েছে, রোনালদো লা লিগায় ২৫২টি গোল করেছেন। শীর্ষে থাকা মেসির গোল ৩০৫টি।

বার্সেলোনার হয়ে এ পর্যন্ত খেলা ১২ মৌসুমে তিনশ’ গোলের মাইলফলক পান হন আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি।

শনিবার রাতের ম্যাচে ৫০তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁক খাওয়ানো শটে গোলের খাতায় নিজের নাম তোলেন রোনালদো। ৫৭তম মিনিটে ডি-বক্সের খানিকটা বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

৬৪তম মিনিটে কাসেমিরোর বাড়ানো বলে দারুণ প্লেসিং শটে সেল্তার জালে পৌঁছে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। এ গোলেই লা লিগায় ও মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার লুইস সুয়ারেসকে (২৫টি) পেছনে ফেলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

এরপর আরেকবার লক্ষ্যভেদ করে এ মৌসুমে লা লিগায় রোনালদোর গোল হয় ২৭টি। ৭৬তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করতে লাফিয়ে উঠেছিলেন গ্যারেথ বেল ও রোনালদো। ওয়েলস ফরোয়ার্ড নাগাল না পেলেও পর্তুগিজ তারকা ঠিকই চতুর্থ গোলটি তুলে নেন।

এ নিয়ে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৩৫০ গোলের মাইলফলক পেরিয়েছেন রোনালদো। এর সুবাদে ৩৫০ লেখা স্মারক জার্সিও পর্তুগিজ তারকাকে উপহার দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।

রিয়ালের হিসাব অনুযায়ী লা লিগায় ২৫৩টি, চ্যাম্পিয়ন্স লিগে ৭৪টি, কোপা দেল রেতে ২১টি এবং স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপে তিনটি গোল করেন রোনালদো।

আপনার মন্তব্য

আলোচিত