০৬ মে, ২০১৬ ২৩:৩০
আইপিএলে বোলিং ম্যাজিক অব্যাহত রেখে চলেছেন মুস্ত্যাফিজুর রহমান। এবার কাটার-স্লোয়ারের যাদুময়তায় দিশেহারা করে ছেড়েছেন গুজরাট লায়ন্সকে।
৪ ওভার বল করেছেন। ডট বল দিয়েছেন ১৪টি। বাকি ১০ বলে রান দিয়েছেন ১৭টি। উইকেট নিয়েছেন ২টি। পেতে পারতেন ৩টি। ৬ষ্ঠ ওভারে এসে নিজের প্রথম বলেই কাঁপিয়ে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালামকে। কিন্তু তার বলে ওঠা ক্যাচটা হাতে নিয়ে তালুবন্দী করতে পারলেন না নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। তবে একই ওভারের ৪র্থ বলে দিনেশ কার্তিকের অসাধারণ একটি ক্যাচ ধরে তা পুষিয়ে দেন উইলিয়ামসন।
আইপিএলে নতুন বলের চেয়ে মুস্তাফিজ একটু পুরনো বলে বেশ কার্যকরী- এটা বেশ প্রমাণ করেছেন। তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা সম্ভবত প্রমাদ গুনেন, মুস্তাফিজ বোলিংয়ে আসার পর। কোনমতে ওভারের ৬টা বল পার করতে পারলেই বেঁচে যায়। মুস্তাফিজের বলে রান তোলা কতটা পরিশ্রমের কাজ, সেটা ভুক্তভোগি ব্যাটসম্যান মাত্রই ভালো বুঝতে পারেন। অ্যারোন ফিঞ্চ, ডোয়াইন ব্র্যাভো, দিনেশ কার্তিক এবং রবীন্দ্র জাদেজা যেটা আজ ভালোভাবে বুঝতে পেরেছেন।
প্রথম ওভারে ১ উইকেটের সঙ্গে দিলেন মাত্র ২ রান। ৪টিই ডট বল। দ্বিতীয় ওভারে বল করতে আসেন দলীয় ১৪তম ওভারে। এবার রান দিলেন মাত্র ১টি। ৫টিই ডট বল।
নিজের তৃতীয় ওভার করলেন দলীয় ১৭তম ওভারে। এ ওভারে ডট দিলেন ২টি। রান দিলেন ৬টি। অ্যারোন ফিঞ্চ ছিলেন বলেই এই রানগুলো এলো। শেষ ওভার করতে এলেন দলের ১৯তম ওভারে। প্রথম বলেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী হয়ে ওঠার ইঙ্গিত দেয়া রবীন্দ্র জাদেজা। পরের বলও ডট। প্রাভীন কুমার এসে তৃতীয় বলে নিলেন ১ রান।
স্ট্রাইকে চলে আসেন অ্যারোন ফিঞ্চ। যিনি ইতিমধ্যে সেট হয়ে গেছেন উইকেটে। আরও একটি বল দিলেন ডট। পঞ্চম বলে ফিঞ্চ মেরে দিলেন ছক্কা। শেষ বলে দিলেন ১ রান। ৪ ওভার শেষে বোলিং ফিগার দাঁড়াল ৪-০-১৭-২। ইকনোমি রেট ৪.২৫ করে।
মুস্তাফিজের এমন নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রানে থমকে যেতে বাধ্য হয়েছে গুজরাট লায়ন্স।
আপনার মন্তব্য