সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০১৬ ১৬:৪২

মুস্তাফিজকে সাবধান থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

মাত্র ২০ বছর বয়স মুস্তাফিজুর রহমানের। কিন্তু বোলিংয়ে এই বয়সের ছাপ নেই। যেন অভিজ্ঞ ও পরিণত এক বোলারই রীতিমতো ত্রাস ছড়াচ্ছেন প্রতিপক্ষ শিবিরে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এমন আতঙ্ক হয়েই দেখা দিয়েছিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, সুরেশ রায়নাদের কাছে।

সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিলে ভালো খেলায় তাকে উইসও করেছেন প্রধানমন্ত্রী। তবে মুস্তাফিজকে আরো সাবধানতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল সাংবাদিকদের জানান,  শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। আর সেই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ যদি সব জায়গায় খেলতে যায় তাহলে তার সিক্রেসি সবাই জেনে যাবে। এটা হলে তার কাছ থেকে সেরকম সার্ভিস হয়তো আর পাবো না।’ 

এ সময় 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। আর সে কারণেই বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি।’ এসময় তিনি ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জুয়েল গার্নারের উদাহরণ টেনে আনেন।

তিনি বলেন, ‘ফাস্ট বোলারদের মধ্যে একমাত্র কপিল দেব বেশিদিন খেলেছেন, তিনি তেমন ইনজুরিতে পাড়েননি। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও প্রমিনেন্ট বোলার ছিল। কিন্তু ইনজুরির কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী এগুতে পারেননি। তবে মুস্তাফিজ নিজগুণেই আরো অনেক দূর এগিয়ে যাবে।’ 

উল্লেখ্য,

এবারের আইপিএলে একটি ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। তাকে ছাড়াই অবশ্য সেই ম্যাচটি জিতে নিয়েছে হায়দরাবাদ। ফাইনালে ফের একাদশে ফেরেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে তুলে নেন শেন ওয়াটসনের উইকেটটি। 

ডেথ ওভারে নিজেকে দারুণভাবে মেলে ধরতে সক্ষম হয়েছেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমি রেটে নামের পাশে যোগ করেছেন ১৭ উইকেট। নবম আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার।

আপনার মন্তব্য

আলোচিত