১৬ জুন, ২০১৬ ১৬:১৮
প্রশ্ন করতে চান প্রিয় ক্রিকেটার তামিমকে? সুযোগ পাচ্ছেন আজকেই।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টায় তামিম থাকবেন ফেসবুক লাইভে। তাঁর অফিসিয়াল পেজে গিয়ে প্রশ্ন ছুড়ে দিতে পারেন ভক্তরা। তামিমের প্রতিশ্রুতি, তিনি দেবেন জবাব। এই প্রথম বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ ফেসবুক লাইভে ভক্তদের মুখোমুখি হতে যাচ্ছেন।
দুপুর সাড়ে তিনটার দিকে ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল। একটি পোস্টে তিনি লিখেছেন, "আজ রাত ১০টার সময় ফেসবুক লাইভ এর মাধ্যমে আমি উপস্থিত হব আমার পেইজ-এ ইনশাল্লাহ। কিছুক্ষণ কথা হবে, গল্প হবে, আড্ডা হবে আপনাদের সাথে। প্রশ্ন থাকলে লিখে ফেলতে পারেন এই পোস্টে। যথা সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো।"
ড্যাশিং এই ওপেনিং ব্যাটসম্যান লিখেছেন, "রাত ১০টা। মনে থাকবে তো?"
সম্প্রতি ফেসবুকের কর্মকর্তারা তামিমসহ কয়েকজন জাতীয় ক্রিকেটারের সাথে দেখা করে গেছেন। সেখানে জাতীয় তারকা হিসেবে অফিসিয়াল পেজ চালানোর ব্যাপারে তাঁদের নানা পরামর্শ দিয়ে গেছেন। তামিম ফেসবুক লাইভটা শিখে নিয়েছেন তখন। তারই প্রথম প্রয়োগ হবে রাতে।
ফেসবুকে তামিমের পেজে লাইকের সংখ্যা সাড়ে ৫ লাখের কিছু বেশি।
আপনার মন্তব্য