২৮ জুন, ২০১৬ ১৬:৫৮
কোপার ফাইনালে হেরে যাবার পরপরই সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষনা দেন মেসি। মেসির বয়স এখন মাত্র ২৯ বছর। চলমান ফর্ম আর ফিটনেস ধরে রাখতে পারলে সহজেই খেলতে পারতেন আরো অন্তত একটি বিশ্বকাপ।
কিন্তু ফুটবল বিশ্বকে হতবাক করে মেসি জানিয়ে দিলেন, আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না তাঁকে!
তাঁর এমন সিদ্ধান্তের পর ফুটবল বিশ্বে নেমে এসেছে হতাশা। হতাশ মেসির বাংলাদেশি ভক্ত-সমর্থকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির অনেক ভক্তদের মতো হতাশা জানিয়েছেন বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা।
নিজে ব্রাজিল সমর্থক হলেও মেসির এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেন, 'মেসির কাছ থেকে ফুটবল ভক্তরা আজকের ম্যাচে জয় দেখতে চেয়েছিল, কিন্তু তিনি কিনা এই পরাজয়ের দিনেও আরেকটা পরাজয়ের কথা জানালেন। আমি মনে করি এটা তাঁর ভুল সিদ্ধান্ত!'
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার আল-আমিন হোসেন লিওনেল মেসির বিদায় ঘোষনায় প্রতিক্রিয়া জানান এভাবে- 'প্রথমে শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমি সবসময় চেয়েছি মেসির নামের পাশে কমপক্ষে একটি বিশ্বকাপ যুক্ত হোক। তার অবসরের পর মেসিবিহীন আর্জেন্টিনা দল আর আগের মতো থাকবে না। বিষয়টি সত্যিই দুঃখজনক।`
গত বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজের আক্ষেপ করে বলেন, 'ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসির এত অল্প বয়সে অবসরে যাওয়ার বিষয়টি হতাশার। এতে শুধু আর্জেন্টিনারই ক্ষতি হবে না, বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই ক্ষতির কারণ হবে।'
আপনার মন্তব্য