২৯ জানুয়ারি, ২০১৭ ১১:৫৬
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদউল্লাহকে বেছে নিয়েছে দলটি। পারিবারিক কারণে হজ এবার খেলছেন না বলে জানিয়েছে কোয়েটা।
ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে শুরু হবে এবারের পিএসএল। একই দিন বাংলাদেশ টেস্টে মুখোমুখি হবে ভারতের। হায়দ্রাবাদে ভারত সফরের একমাত্র টেস্টের জন্য ব্যস্ত থাকবেন রিয়াদ। তাই পিএসেলের শুরুতে কোয়েটা পাবে না তাকে। একই কারণে সাকিব আল হাসান ও তামিম ইকবালও খেলবেন না পিএসএলের প্রথম দিকের মাচগুলোতে।
নিজেদের টুইটার থেকে এক পোস্টে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লিখেছে, ‘বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ব্র্যাড হজের বদলি ঘোষণা করতে পেরে আনন্দিত।’
এ আসরে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের। তবে একই সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে তাদের খেলা অনিশ্চিত। তাই বিকল্প ব্যবস্থা নিচ্ছে পিএসএল কমিটি।
টুর্নামেন্টটির গত আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে এ আসরে করাচি তাকে দলে রাখেনি। কিন্তু পেশোয়ার জালমির জার্সিতে তামিমের সতীর্থ হয়ে খেলবেন তিনি।
তবে এবার টুর্নামেন্টে পুরো সময় খেলার সম্ভাবনা নেই টাইগার এ দুই তারকার। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত হবে পাকিস্তান সুপার লিগ। তবে ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে হবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ। তাই টুর্নামেন্টের শুরুতে যে সাকিব ও তামিম থাকছেন না তা অনেকটাই নিশ্চিত।
মার্চে আবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে সময় পিএসএল খেলার অনুমতি প্রদান করবে কিনা সে প্রশ্নও থেকে যাচ্ছে। তাই পেশোয়ার জালমি সাকিব আল হাসানের বদলি হিসেবে ঠিক করেছে শ্রীলঙ্কার তিলাকরত্নে দিলশানকে।
আপনার মন্তব্য