ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৭ ২০:৪০

ফেদেরারের ১৮টি গ্র্যান্ড স্ল্যাম

চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম শিরোপা জিতেছেন রজার ফেদেরার। সবমিলিয়ে এটি ফেদেরারের অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

রোববার (২৯ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতেন ১৭তম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফেদেরার।

চোটের কারণে ছয় মাস পর অস্ট্রেলিয়ান ওপেনের এই টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফেরেন ফেদেরার।

প্রায় পাঁচ বছর পর আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন এই সুইস কিংবদন্তি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন হলেন ফেদেরার।

গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের সঙ্গে মোট নয়বারের লড়াইয়ে ফেদেরারের এটা তৃতীয় জয়। এর আগে ২০০৭ সালের উইম্বলডনের ফাইনালে জিতেছিলেন এই সুইস তারকা।

১৮টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেন ১টি, অস্ট্রেলিয়ান ওপেন ৫টি, ইউএস ওপেন ৫টি ও উইম্বেলডনের ৭টি শিরোপা জিতেন রজার ফেদেরার।

এক নজরে ফেদেরারের ১৮টি গ্র্যান্ড স্ল্যাম:

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের মার্ক ফিলিপ্পাসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম উইম্বলডেন ও গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশন শুরু ফেদেরারের।

ক্যারিয়ারের প্রথম ও একমাত্র ক্লে কোর্টের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন ২০০৯ সালে।

দ্বিতীয়বারের মত উইম্বলডেন জয়ের পাশাপাশি ২০০৪ সালে প্রথববারের মত জেতেন হার্ড কোর্টের ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন। কিংবদন্তী এই সুইস তারকা ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৫ বছর ইউএস ওপেন শিরোপা নিজের দখলে রাখেন।

গ্রাস কোর্টের সর্বমোট ৭টি উইম্বলডেনের ৫টিই তিনি জয় করেন ২০০৩-২০০৭ সালে। আর বাকি দুটি জয় করেন ২০০৯ ও ২০১২ সালে।

২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ ও সর্বশেষ ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের ১৮তম শিরোপার পালক যোগ হয় ফেদেরারের এই বর্ণাঢ্য ক্যারিয়ারে।

আপনার মন্তব্য

আলোচিত