০৮ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৫৩
বাংলাদেশ কেন বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পায় না? এ প্রশ্ন তুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিয়মিত টেস্ট খেলার সুযোগ পেলে ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশ শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে মনে করেন কোহলি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিরাট কোহলি এসব কথা বলেছেন।
কোহলি বলেন, "বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলার সামর্থ্য আছে। কিন্তু আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য যে পরিমাণ ম্যাচ খেলা দরকার, সেই সুযোগটা তাদের হয় না। বাংলাদেশ ওয়ানডেতে খুবই ভালো দল হিসেবে গড়ে উঠেছে। কারণ তারা অনেক ওয়ানডে খেলে। আর সেখানে তাদের একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি টেস্ট বেশি করে না খেলেন, তাহলে এই ফরম্যাটের কৌশলগুলোই বুঝতে পারবেন না।"
ভারত অধিনায়ক বলেন, "আমি নিশ্চিত যে, বেশি বেশি টেস্ট খেলতে পারলে এখানেও তাদের একটা শক্তিশালী দল তৈরি হবে। আমার মনে হয় এটা হওয়া উচিত। তাদের অবশ্যই টেস্টে নিজেদের সামর্থ্য প্রমাণের সক্ষমতা আছে।"
বাংলাদেশ যে এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, সে ব্যাপারে আগে নাকি কোনো ধারণাই ছিল না কোহলির। ব্যাপারটা বুঝতে পারার পর এখন কোহলির চাওয়া, বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ যেন আরো বেশি করে হয়।
তিনি বলেন, "আমি খুব সম্প্রতি বুঝতে পেরেছি যে, বাংলাদেশ ভারতে খুব বেশি আসে না। আমরা বাংলাদেশে প্রায়ই যাই। কিন্তু তারা আগে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে আসেনি। কাজেই এটা সত্যিই একটা ঐতিহাসিক মুহূর্ত, দুই দলের জন্যই। আমি আশা করছি এটা যেন আরো বেশি করে ঘটে। তাদের আরো বেশি করে ভারতে আসা উচিত।"
আপনার মন্তব্য