১৪ আগস্ট, ২০১৭ ২২:৪১
স্প্যানিশ সুপার কাপে প্রধান প্রতিদ্বন্দী বার্সেলোনাকে হারানোর মাটি হয়ে গেল রিয়াল মাদ্রিদের। লাল কার্ড পাওয়ার পর রেফারিকে ধাক্কা দেওয়ায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
রোববার রাতে ন্যু ক্যাম্পে রোনালদোই ছিলেন ম্যাচের হিরো। ৫৫ মিনিটে মাঠে নেমে বার্সাকে কাঁপিয়ে দেন তিনি। তবে তিনি যখন মাঠে নামছিল দুয়োধ্বনি দিচ্ছিলো বার্সা সমর্থকরা। তাই শুরু থেকেই তেতে ছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলার। ৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের দুয়োধ্বনির জবাব দেন দারুণভাবে। গোল করে রিয়ালকে এগিয়ে নেওয়ার পর জামা খুলে বুনো উল্লাস করেছিলেন। ওতে হলুদ কার্ড পান তিনি।
এর মিনিট দুয়েক পর সমুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা লেগে বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন। রেফারি উলটো তাকে আরেকটি হলুদ কার্ড দিয়ে বসেন। তাতে লাল কার্ড হয়ে যাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভে রেফারিকে হাত দিয়ে ধাক্কা দিয়েছিলেন। ওতেই কেল্লা ফতে।
স্পেনিশ ফেডারেশনের নিয়ম অনুযায়ী এই ঘটনায় ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম ছিলো। শুনানি শেষে রোনালদোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ফিরতে পারবেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন রোনালদো।
আপনার মন্তব্য