১৭ আগস্ট, ২০১৭ ২২:৫৮
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ১৪ জনের বাংলাদেশ দল ঘোষণা হবে শনিবার। তিন নির্বাচক আর কোচ মিলে ১৭ জনের তালিকা এর মধ্যে জমা দিয়েছেন বোর্ড সভাপতির কাছে। তাতে নেই মুমিনুল হক আর মাহমুদুল্লাহ রিয়াদের নাম। বৃহস্পতিবার অনুশীলনেও ছিলেন না এই দুজন।
মুমিনুল-মাহমুদুল্লাহর না থাকা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খুলেননি নির্বাচকরা। তবে জানিয়ে দিয়েছে কলম্বো টেস্টের উইনিং কম্বিনেশন ভাঙতে চান না তারা। কলম্বোয় দেশের শততম টেস্টের দলে ছিলেন না এইদুজন। মুমিনুল একাদশে না থাকলেও স্কোয়াডে ছিলেন। মাহমুদুল্লাহ বাদ পড়েছিলেন স্কোয়াড থেকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে তোলার হিরো রিয়াদ। তবে ওয়ানডের মুনশিয়ানায় টেস্টে আপাতত ফেরানো হচ্ছে না থাকে। ফিরতে পারতেন চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে রান করে, সেখান একেবারেই ডাব্বা মেরেছেন। উলটো সে ম্যাচে রান করে ১৭ জনের দলে নাম উঠিয়ে ফেলেছেন নাসির হোসেন। মোসাদ্দেক সৈকতের চোখের ইনফেকশন আছে। সৈকতের ব্যাক আপ হিসেবে ১৪ জনের মূল দলেও নাসিরকে দেখা যেতে পারে।
বৃহস্পতিবার দলে থাকা ১৭ জন নিজেদের মধ্যে ভাগ হয়ে মিরপুরে অনুশীলন ম্যাচ খেলেছেন। ওই ১৭ জনের মধ্যে ছিলেন না মাহমুদুল্লাহ আর মুমিনুল। কোচ-নির্বাচক মুখে কিছু না বললেও তাতেই পরিষ্কার হয়ে যায় সব। এদিন মাঠেও আসেননি তারা।
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখনো সবচেয়ে ভালো গড় মুমিনুলের। একসময় ৭০ এর কাছাকাছি গড় থাকলেও গেল ক ম্যাচের ধারাবাহিকতায় তা নেমে এসেছে ৪৭ এর নিচে। রঙিন পোশাকে রান পেলেও সাদা পোশাক গায়ে বেশ ক ম্যাচ থেকে নিষ্প্রভ মাহমুদুল্লাহর ব্যাট। এদিকে মিডল অর্ডারে সুযোগ পেয়ে রান করে ফেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর সাব্বির রহমান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান না পেলেও শেষ পাঁচ টেস্ট ইনিংসের তিনটাতেই ফিফটি আছে সৌম্য সরকারের। তামিমের সঙ্গী হিসেবে তিনিই প্রথম পছন্দ। ওপেনিং থেকে সরে গেলেও তিন নম্বরে মুমিনুলের জায়গাটি নিয়ে নিয়েছেন ইমরুল কায়েস।
প্রথম টেস্টের সম্ভাব্য দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাশ, নাসির হোসেন।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, সানজামুল ইসলাম, শুভাশিস রায়।
আপনার মন্তব্য