স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০১৭ ০৩:৫৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর রকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট। তাই সিরিজটির নাম হয়েছে ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০১৭’।

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি জানানো হয়।

এরআগে গত বছর আফগানিস্তান সিরিজের আগে ঘোষণা করা হয় দুই বছরের জন্য সকল হোম সিরিজের স্পন্সরশিপ স্বত্ব পেয়েছে ডাচ বাংলা ব্যাংক। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ড সিরিজেও টাইটেল স্পন্সর ছিল রকেট। সে ধারাবাহিকতায় এবারও টাইটেল স্পন্সর সেই রকেট।

এদিন দুপুরে বিসিবি, সিরিজের টাইটেল ও গ্রাউন্ড স্পন্সরসিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম এবং স্পন্সর প্রতিষ্ঠান রকেট ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন হয়। বিসিবি পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন এবং রকেট এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।

এ সিরিজ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বন্যার কারণে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভালো নয়। কিন্তু এই সিরিজ আমাদের অনেক আগে থেকেই নির্ধারিত ছিল তাই এটা করতেই হচ্ছে। এছাড়াও আবহাওয়ার অবস্থাও ভালো নয়। তারপরও আশা করি সিরিজটি জমজমাট হবে।’

শুক্রবার রাতে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। এরপর ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টটি ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে টেস্ট সিরিজের আগে ২২ ও ২৩ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল।

আপনার মন্তব্য

আলোচিত