ক্রীড়া প্রতিবেদক

১৯ আগস্ট, ২০১৭ ২২:০৫

প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

প্রস্তুতি ম্যাচের মূল ভেন্যু ছিলো নারায়ণগঞ্জের ফতুল্লা। জলাবদ্ধতায় সে ভেন্যু আগেই বাতিলের খাতায়। বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপি অনেকটা চূড়ান্ত হয়েই ছিলো। শেষ মুহুর্তে এসে দূরত্বের কথা বলে সেখানে যেতে রাজি হয়নি সফরকারী অস্ট্রেলিয়া। বিসিবির কাছে আবদার করেছিলো মিরপুরেই প্রস্তুতি ম্যাচ খেলার। টেস্ট ভেন্যুতে প্রস্তুতির সুযোগ দিতে রাজি নয় বিসিবি। অস্ট্রেলিয়াও বিকেএসপি যেতে রাজি নয়। তাই প্রস্তুতি ম্যাচই বাতিল। একেবারে টেস্টেই মাঠে নামবে তারা।

প্রস্তুতি ম্যাচের জন্য নির্ধারিত ২২ ও ২৩ আগস্ট মিরপুর একাডেমি মাঠেই অনুশীলন করবে তারা। এদিকে অস্ট্রেলিয়ার সিকিউরিটি প্রধান শন ক্যারলকে নিয়ে রাজধানীর ইউল্যাব মাঠ আর বিকেএসপি ঘুরে দেখিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন। ড্রেসিং রুম সুবিধা না থাকায় কাছাকাছি হওয়ার পরও বাদ যায় ইউল্যাবের নাম। আর বিকেএসপিতে সব থাকলেও বাধা হয়ে দাঁড়ালো দূরত্ব। যদিও অস্ট্রেলিয়া দল যে হোটেলে আছে সেই রেডিসন থেকে ফতুল্লার চেয়েও বিকেএসপি যেতে কম সময়ই লাগার কথা।

এদিকে শনিবারই প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছিলো বিসিবি। ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সিরিজের পরের টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।     

আপনার মন্তব্য

আলোচিত