২০ আগস্ট, ২০১৭ ১৭:১৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত টেস্ট সিরিজে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। এ দুঃসংবাদের কষ্ট ঢাকতেই যেনো একটি সুসংবাদ পেয়েছেন টাইগার দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান ও বোলার।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এ খেলার জন্য ডাক পেয়েছেন তিনি। আর এ লিগে খেলতে দুয়েকদিনের মধ্যেই ঢাকা ছাড়ছেন এই অলরাউন্ডার।
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই দলের হয়ে খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও।
অস্ট্রেলিয়ার বিপেক্ষে সিরিজে খেলতে তিনি দেশে ফিরে এসেছেন এরই মধ্যে আর সাকিবের শূন্যস্থান পুরণের জন্যই যেন ডাক পেলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ। এবারই প্রথম তিনি কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন।
সাকিব ছাড়া এ আসরে খেলতে গিয়েছিলেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজও। কিন্তু তিনি একটি ম্যাচও না খেলে দেশে ফিরে এসেছেন।
অবশ্য চলমান এই আসরে সাকিব কয়েকটি ম্যাচ খেলেছেন। যদিও খুব একটা সাফল্য পাননি। তিনি কয়েক মৌসুম ধরেই সিপিএলে খেলছেন।
তবে জাতীয় দল থেকে বাদ পড়ে মাহমুদউল্লাহ কিছুটা কষ্ট পেয়েছেন ঠিক, কিন্তু ক্যারিবীয় এই লিগে খেলার সুযোগ পেয়ে তাঁর সেই কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে।
এদিকে মাহমুদউল্লাহ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে খেলবেন খুলনা টাইটানসের হয়ে। গতবারও এই দলের হয়ে খেলেছিলেন তিনি।
আপনার মন্তব্য