২৭ আগস্ট, ২০১৭ ২৩:৫১
টেস্ট সাড়ে তিন হাজার রান আর দেড়শ উইকেট নিয়েছেন কিংবদন্তি হয়ে ওঠা অনেক ক্রিকেটার। ওই দলে আছে স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরিদের মতো ক্রিকেটারের নামও। কিন্তু এমন মাইলফলকে এসে সাকিব তাঁর পূর্বসূরিদের হারিয়ে দিয়েছেন বিশাল ব্যবধানে। হিসাবটা সবচেয়ে কম টেস্ট খেলে সাড়ে তিন হাজার রান আর দেড়শ উইকেটের!
সাকিব আল হাসান রোববার ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্টে তিন হাজার ৫শ’ রান পূর্ণ করলেন। আর দেড়শ’ উইকেট পূর্ণ করেছেন আগেই। এ সুবাদে টেস্ট ক্রিকেটে দ্রুততম সময়ে তিন হাজার ৫শ’ রান ও দেড়শ’ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগের ৪৯ টেস্টে সাকিবের রান ছিল তিন হাজার ৪শ’ ৭৯। এ দিনের ৮৪ রানের সুবাদে টেস্টে তার ব্যক্তিগত মোট সংগ্রহ দাঁড়ালো তিন হাজার ৫শ’ ৬৩ রানে। ক্যারিয়ারে উইকেট সংখ্যা আগেই ১৫০টি ছাড়িয়েছেন সাকিব। টেস্টে তার মোট শিকার সংখ্যা ১৭৬টি।
অলরাউন্ডার হিসেবে এ টাইগার পেছনে ফেলেছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরিদের মতো ক্রিকেটারকে।
একটু আধটু নয় বেশ বড় ব্যবধানেই তাদেরকে পেছনে ফেলেছেন সাকিব। এর আগে রেকর্ডটা সোবার্সের দখলে ছিল। তিনি ৬৩ টেস্টে তিন হাজার ৫শ’ রান ও দেড়শ’ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন। বোথামকেও এ রেকর্ডের জন্য ৬৩টি টেস্ট খেলতে হয়।
এ রেকর্ডের জন্য ক্যালিসকে ৬৯টি, রবি শাস্ত্রীকে ৭৮টি, ইমরানকে ৮২টি, কপিলকে ৮৫টি, ভেট্টোরিকে ৯৫টি ও পোলককে ১০২টি টেস্ট খেলতে হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অজিদের বিপক্ষে মাত্র দশ রান তুলতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এমন সময় ওপেনার তামিম ইকবালকে সঙ্গ দিতে মাঠে আসেন সাকিব।
চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ১৫৫ রান তুলে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। তামিম ব্যক্তিগত ৭১ রানে আউট হন। সাকিব ৮৪ রান করে মাঠ ছাড়েন। দুজনেরই ৫০তম টেস্ট ম্যাচ ছিল এটি। নিজেদের ৫০তম টেস্টে ৫০ রান পার করেছেন দুজনেই।
আপনার মন্তব্য