২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩০
শর্ট মিড উইকেটে শোয়েব মালিকের অসাধারণ ক্যাচ ধরার পরই ব্যাপারটি বুঝেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ডানহাতের কনিষ্ঠার হাড় সরে গেছে। পরে এক টানে ঠিক জায়গায় বসিয়েছেন নিজেই। আঙ্গুলও কেটে গেছে। তাই ব্যথা পুরোপুরি সারেনি। ব্যান্ডেজ বেঁধেই গতকাল শেষ পর্যন্ত খেলেন তিনি। ঠিক তেমনি ভাবেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফির সঙ্গী চোট। দুই পায়ে সাতবার এ ডানহাতি পেসার করিয়েছেন অস্ত্রোপচার। তাই তার জন্য হাতের আঙ্গুলের ঐ চোট কিছু মনেই হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক তার আঙুলের অবস্থা নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘শোয়েব মালিকের শটে জোর ছিল বেশ। বাঁহাতে জমে যাওয়ার আগে ডান হাতেও ছুঁয়ে গেছে। তখনই বুঝেছি, ডিসলোকেট হয়েছে। টেনে ঠিক করে দিয়েছি। ব্যথা আছে বেশ। ফিজিও আঙুল দেখে বলেছেন, ছোটখাট চিড় থাকতে পারে। স্ক্যান করালে হয়ত বোঝা যাবে।’
আপাতত চোট নিয়ে মোটেই ভাবছেন না মাশরাফি। তার সব মনোযোগ আসলে এশিয়া কাপের ফাইনালে, ‘আমি এখন চোট নিয়েই ভাবছিই না। ফাইনাল তো খেলতে হবেই। এটা নিয়ে ভাবলেই বাড়তি একটা যন্ত্রণা যোগ হবে।’
মাশরাফির ডানহাতের আঙ্গুলের যে অবস্থা, তাতে চিড় ধরার সম্ভাবনা রয়েছে বেশ। শেষ পর্যন্ত যদি তেমন কিছুও হয়ে থাকে, তারপরও এ ডানহাতি এশিয়া কাপের ফাইনাল খেলা থেকে পিছু পা হবেন না, ‘সাকিব ভাঙা আঙুল নিয়ে এতগুলো ম্যাচ খেলে গেল, আমি একটা ফাইনাল পারব না?’
কে কি বলল, সেটা নিয়ে কখনই মাথা ঘামান না মাশরাফি। নিজে যেটা ঠিক করেন, সেটাই করেন এ ডানহাতি। এবারও নিজের সিদ্ধান্তে অটল থাকবেন ওয়ানডে অধিনায়ক। ব্যাপারটি তো এরইমধ্যে নিজেই জানিয়েছেন।
আপনার মন্তব্য