২৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫৩
পাকিস্তানের বিপক্ষে একজন বোলার কম নিয়ে খেলার জুয়াটা কাজে লেগে গিয়েছিল। অনিয়মিত বোলার সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ দারুণ নৈপুণ্যে পুষিয়ে দিয়েছিলেন পুরোটা। ফাইনালে ভারতের বিপক্ষে এই ঝুঁকি নেওয়া বাড়াবাড়ি মনে করছে দল। তাই শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল নাজমুল ইসলাম অপুর।
এদিকে শাদাব খান ও রশিদ খানকে মোকাবেলার কৌশল হিসেবে ছয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ইমরুল কায়েস। খুলনা উড়ে যেয়ে সেই দায়িত্বে বেশ সফল এ বাঁহাতি। তবে আজ এশিয়া কাপের ফাইনালে তাকে আবার তার পছন্দের জায়গা ওপেনিংয়ে ফিরিয়ে আনছে টিম ম্যানেজমেন্ট।
যদিও ব্যাপারগুলো এখনও নিশ্চিত নয়। তারপরও টাইগারদের বোর্ড সূত্রে যতটুকু জানা গেছে, হতে পারে তেমন কিছুই।
এবারের এশিয়া কাপে এখনও ওপেনিং জুটি মেটাতে পারেনি দলের চাহিদা। যে কারণে আজ লিটন দাসের সঙ্গী হিসেবে ইমরুলকে দেখা যেতে পারে শুরুতে। এদিকে ওপেনিংয়ে জায়গা হারালেও সম্ভবত একাদশে টিকে যাচ্ছেন সৌম্য সরকার। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং-ফিল্ডিং করেছিলেন তিনি। অলরাউন্ডার হিসেবে ধরে নিয়ে তাকে খেলানো হতে পারে সাতে।
হাতের পুরনো চোটে পড়ে চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচের আগেই ছিটকে পড়েন সাকিব। তাই তার বিকল্প হিসেবে ঐ ম্যাচে সৌম্য ও মমিনুলকে খেলিয়েছিল বোর্ড। কিন্তু মুমিনুল ও সৌম্য কেউই ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যদিও সৌম্য বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন। যে কারণে আজ মমিনুলকে থাকতে হতে পারে মাঠের বাইরে। তার জায়গায় মূলত দেখা যেতে পারে নাজমুল ইসলাম অপুকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে অপু ৮ ওভারে রান দিয়েছিলেন মাত্র ২৯।
আপনার মন্তব্য