১৯ অক্টোবর, ২০১৫ ২০:৫০
সিলেটে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বচ্ছ ও দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং অন্তর্ভূক্তিমূলক ও তথ্যভিত্তিক সমাজ: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে এবং ইউএনডিপি’র কারিগরি সহযোগিতায় সোমবার দিনব্যাপী এই মতবিনিময় সভায় টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র, সুশাসন, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ, সিটিজেন চার্টার কার্যকর করা প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন অংশগ্রহণকারীরা।
মতবিনিময় সভায় শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্নস্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের পাঁচটি পৃথক গ্রুপে ভাগ করে তিনটি সেশনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পৃথক পাঁচটি বিষয়ে সমস্যা ও সমাধান সম্পর্কে নিজস্ব অভিমত তুলে ধরেন গ্রুপগুলোর সদস্যবৃন্দ। তাদের নিজস্ব অভিমতে উঠে আসা সামগ্রিক মতামতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র, সুশাসন ও শান্তি নিশ্চিত করতে হবে। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ, প্রতিটি রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা বাড়ানো, তথ্য অধিকার আইনের পূর্ণ বাস্তবায়ন এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, সেবাখাতগুলোতে কার্যকরী ও শক্তিশালী মনিটরিং সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা, সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন নিশ্চিত করা, নাগরিকদের সচেতনা বৃদ্ধি এবং গণমাধ্যমের কার্যকরী ভূমিকার বিষয়গুলোর উপরও জোর দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগি অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলামের সঞ্চালনায় নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওই বিভাগের অধ্যাপক ড. তৈয়বুর রহমান এবং ইউএনডিপি’র কর্মকর্তা ডরুথি সুপর্ণা রায়। সভায় অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, সহযোগি অধ্যাপক আবু হায়াত মিঠু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আবদুল মুকিত চৌধুরী, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট-সিলেট’র সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকন্দর আলী, সুজন’র সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাসদ’র সিলেট জেলা সমন্বয়কারী আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক নাজমুল কবীর পাভেল, সিলেটভিউ২৪ডটকম ও দৈনিক সিলেট সুরমা’র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, নারী মুক্তি সংসদ-সিলেট’র সভাপতি ইন্দ্রানি সেন প্রমুখ।
আপনার মন্তব্য