সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০২৬ ০১:০১

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

চব্বিশের ৫ আগস্ট আন্দোলনের মুখে সরকার পতনের পর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ সামনে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন সময়ে অডিও বার্তা দিলেও এই প্রথম পুত্রকে নিয়ে একটা অনুষ্ঠানে আসছেন তিনি। 

আগামী ৫ আগস্ট এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাব (আইএপিসি) এর সভাপতি ওয়ায়েল আউয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভাটি নয়া দিল্লির মথুরা রোডের ‘স্যার মার্ক টালি অডিটোরিয়ামে’ অনুষ্ঠিত হবে। 

গতকাল রোববার (২ আগস্ট) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নয়া দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) এ সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভার আমন্ত্রণপত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার ‘প্রস্তাবিত সময়সূচি’ নিয়ে আলোচনা করবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স ও সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পরপর দুটি সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার কথা বলেছিলেন।

ইন্ডিয়া টুডে বলছে, এ মতবিনিময় সভার আমন্ত্রণপত্রে সভার আলোচকদের মধ্যে শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, লেখক, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিরোধী আবু ওবায়দা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর ডিরেক্টর অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার উপস্থিত থাকবেন।

একটি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান এবং আমিনুল হক পলাশ থাকবেন ভার্চুয়ালি, এবং অন্যদের সশরীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও নাকি ভিডিও মাধ্যমে কথা বলবেন এনিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলার কথা অনুষ্ঠানটি, এফসিসি ক্লাবের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এফসিসি সাউথ এশিয়ার মতবিনিময় সভা এমন দিনে হতে যাচ্ছে; দুই বছর আগে ২০২৪ সালের ঠিক এই দিনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন হয়। পরে এ আন্দোলন দমাতে বলপ্রয়োগের মাধ্যমে হতাহতের অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে শতাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলার করা হয়। এরমধ্যে একটিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। প্লট নিয়ে অনিয়ম ও দুর্নীতির মামলাতেও সাজা দেওয়া হয়েছে তাকেসহ তার পরিবারের সদস্যদের।

২০২৪ সালের জুলাই মাসে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়; যাতে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য হন। ৫ আগস্ট বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রহরায় তাকে ভারতে দিয়ে আসা হয়। সেই থেকে তিনি ভারতের নয়া দিল্লিতে অবস্থান করছেন। এরপর থেকে সব ধরনের প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি তাকে।

এর আগে গত ৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। সঙ্গে নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে দাবি করেন তিনি। তবে সরকারের একাধিক মন্ত্রী ও আইসিটির চিফপ্রসিকিউটর আমিনুল ইসলাম বলছেন, শেখ হাসিনার ফিরে এসে আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে গ্রেপ্তার হয়ে আসতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত