২৯ জুলাই, ২০২৬ ০০:১৪
হবিগঞ্জে এনিসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার পর দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তারেক রহমানকে এর জবাব দিতে হবে, সালাউদ্দিন আহমদকে জবাব দিতে হবে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌর শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সারজিস আলমসহ কয়েকজন আহত হন।এনসিপি নেতাদের অভিযোগ, স্থানীয় ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। যদিও ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
হামলার পর সাংবাদিকদের সারজিস আলম বলেন, হামলায় আমাদের নেতাকর্মীদের কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে গেছে। ক্যামেরা-ফোন সব ওই জিকে গৌছ এর ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে।
তিনি বলেন, আমাদের একজন ভাইয়ে চোখে রড দিয়ে যখন গুঁতা মারসে তখন তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারসে। এই ভাইদেরকে বাঁচাইতে গেলে রড দিয়ে উনার (এনসিপির হবিগঞ্জ জেলা সেক্রেটারি) কনুই ভেঙে দেওয়া হয়েছে।
সারজিস বলেন, আমাদের আহত ৭-৮ জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম। তখন ২৪-এর জুলাইয়ের সময় ওই খুনি বাহিনী যেভাবে আক্রমণ করেছিলো হাসপাতালের গেটে ঢাকা মেডিক্যালের গেটে, একইভাবে আমাদেরকে এইখানে (হবিগঞ্জে) ছাত্রদল যুবদলের ক্যাডাররা, জিকে গৌছের ক্যাডাররা হাসপাতাল পর্যন্ত ঢুকতে দেয় নাই।
নিজেও হামলার শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বারি মারসে। ইট মারা শুরু করে, এরপরে রড ও লাঠিসোটা এগুলো দিয়ে তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্রশক্তি যুবশক্তির অনেক ভাইকে তারা সবার সামনে তারা পিটায়। আমরা ওইখানে পুলিশ দেখলাম, তারা আমাদের সামনে থাকা তো দূরের কথা, এতো বড় হামলার পরে তারা পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নাটক দেখতেছে। এই যদি হয় বাংলাদেশ অবস্থা এটা তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী?
সারজিস আরও বলেন, সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে তারা কি জিকে গৌছদের এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কি না৷ এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে। এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে৷
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
হামলায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন আহত হন।
এর আগে এনসিপি নেতারা হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জ শহরে ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত সমাবেশ-পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। এর জের হিসেবে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ এসে অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে। এ দায় অন্য কেউ নেবে না। আজ একটি অপ্রীতিকর ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি, কোনো অশালীন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করেছে।
আপনার মন্তব্য