নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৫ ১২:৩৭

কামরুলের উপস্থিতিতে আরেকদফা সাক্ষ্য দিতে হবে ১১ সাক্ষীকে

সিলেটে শিশু রাজন হত্যা মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য পুণরায় গ্রহণ করা হবে। আগামীকাল (বুধবার) পুণঃসাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। মামলার প্রধান আসামী কামরুল ইসলামের আবেদন প্রেক্ষিতে পুণঃসাক্ষ্য গ্রহণ করা হবে।

রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ আদালতের হাজির হয়ে কামরুলের পক্ষে তার আইনজীবী আলী হয়দার ১৫ সাক্ষীর পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান।

আবদনে তিনি উল্লেখ করেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণকালে কামরুল ইসলাম উপস্থিত ছিলেন না এবং তার আইনজীবীও ছিলেন না। তাই কামরুলের উপস্থিতিতে পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান তিনি। আবেদনে তিনি ১৫ জন সাক্ষীর নাম উল্লেখ করে দেন।

এই আবেদনের প্রেক্ষিতে আদালত ১ সাক্ষীর পুণরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। এবং সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার তারিখ নির্ধারণ করেন। দুটি নথিভূক্ত করে আগামীকাল ১১ জন সাক্ষীকে হাজিরের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচার আকবর হোসেন মৃধা।

এরআগে গত রবিবার কামরুল ইসলাম মামলাটি ৩৮ সাক্ষীর সকলের পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করেছিলেন। আদালত সে আবেদন খারিজ করে দেন। রবিবারই মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

ওইদিনই প্রথমবারের মতো মামলার কার্যক্রম চলাকালে আদালতে হাজির করা হয় সৌদি পালিয়ে যাওয়া মামলাটির প্রধান আসামী কামরুল ইসলাম।
আজ (মঙ্গলবার) আসামী সনাক্তকরনের দিন ধার্য থাকলেও কামরুলের আইজিবি ১৫ জন গুরুত্বপূর্ন সাক্ষীকে পুনরায় হাজির করা সহ তিনটি আবেদন করেন। দুপুর ১২টার দিকে কামরুলসহ কারাবন্দি ১১ আসামীকে আদালতে হাজির করা হয়। 

২৫ অক্টোবর চাঞ্চল্যকর এই মামলার যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ নির্ধারিত রয়েছে।

রাজন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন, কামরুল ইসলাম, তার ভাই মুহিদ আলম, আলী হায়দার, শামীম আহমদ (পলাতক), তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, জাকির ওরফে পাভেল ওরফে রাজু (পলাতক) ও আয়াজ আলী।

গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) কামরুলকে সৌদি আরব থেকে থেকে দেশে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত