নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৫ ১৮:০৩

চলছে প্রতিমা বিসর্জন, সুরমা তীরে পূণ্যার্থীদের ঢল

পাঁচ দিনের শারদীয় দুর্গা পূজা শেষে চলছে প্রতিমা বিসর্জন। আজ (শুক্রবার) বিকেল ৪ টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। ট্রাকে করে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে নগরীর চাঁদনীঘাটে উপস্থিত হচ্ছেন বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীরা। সেখানে সুরমা নদীতে চলছে বিসর্জন কাজ।

এরআগে গতকাল বৃহস্পতিবারও দশমী পূজা শেষে কিছু মণ্ডপের প্রতিমা বিসর্জন হয়। আজ দ্বিতীয় দিনের মতো বিসর্জন অনুষ্ঠান চলছে। আজেকই নগরীর বেশিরভাগ মণ্ডপ প্রতিমা বিসর্জন করছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সিলেটে ৫৮৩ টি মণডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

আজ বিকেল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হতে শুরু করেন চাঁদনী ঘাট এলাকায়। প্রতিমা বিসর্জন দেখতে অন্য ধর্মের লোকও জড়ো হয়েছেন সেখানে। ঢাক-ঢোল বাজিয়ে ধুপ ধোয়ার আরতির মাধ্যমে শোভাযাত্রা করে বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমা নিয়ে যাচ্ছেন পূজারীরা। ফলে প্রতিমা বিসর্জন চাঁদনী ঘাটে হলেও বিকেল থেকেই ঢাক-ঢোলের শব্দে মুখরিত পুরো নগরী।

প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে বরাবরের মতো এবারও চাঁদনীঘাট এলাকায় হরেক রকমের পণ্যের মেলা বসেছে। চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা থেকে খই, মোয়া, নাড়ু কিনে নিয়ে যাচ্ছেন ভক্তরা।

দুর্গা পূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে চাঁদনীঘাট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর ডুবুরী দলও রাখা হয়েছে চাঁদনীঘাটে।

প্রতিবছরের মতো এবারও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিচালনা করছে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। 

চাঁদনীঘাটে স্থাপিত সুবোধ মঞ্চে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. নিরঞ্জন কুমার দে 'র সভাপতিত্বে অধ্যাপক রজত ভট্টাচার্য ও রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বিসর্জন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.মিছবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, ঐক্য পরিষদ নেতা অসিত ভট্টাচার্য, ড. দিলীপ কুমার দাশ, আওয়ামীলীগ নেতা তপন মিত্র, পূজা পরিষদ নেতা চন্দন দাশ, এড.রন্জন ঘোষ প্রমুখ।

শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া প্রতিমা বিসর্জন অনুষ্ঠান রাত ১০ টা পর্যন্ত চলবে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত