০৭ নভেম্বর, ২০২০ ২৩:১০
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সফল সাত সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য ধারণ করে শনিবার (৭ নভেম্বর) সকালে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সমবায় সমিতি গঠন হলে উদ্যোক্তা তৈরি উঠবে। তবেই বেকার সমস্যার সমাধান হবে। এতে সমাজ ও দেশের উন্নয়ন হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে ৭টি সফল সমবায় সমিতির হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্র তুলে দেন প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এছাড়া তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সমবায় সমিতির ৪জন সদস্যকেও পুরস্কার দেওয়া হয়।
আপনার মন্তব্য