বড়লেখা প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২০ ০১:০৫

বড়লেখায় কার গলায় উঠছে জয়ের মালা?

আজ ভোট

প্রথম ধাপে আজ সোমবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ইতিমধ্যে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। আর সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।

তবে মেয়র প্রর্থীদের মধ্যে শেষপর্যন্ত কার গলায় পড়বে জয়ের মালা, তা নিয়ে চলছে জল্পনা। বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী দ্বিতীয়বারের মতো মেয়র হচ্ছেন নাকি, নতুন কেউ হচ্ছেন এটা জানতে ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

রোববার দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে অনন্ত ২০ জন ভোটারের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেছেন, যে পৌর এলাকার উন্নয়নে কাজ করবে তারা তাকেই পৌর মেয়র হিসেবে বেছে নেবেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। বড়লেখা পৌরসভার ১০টি ভোট কেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনের দিন ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি ভোটাররা নির্বেঘ্ন ভোট দিতে আসবেন।’

 

আপনার মন্তব্য

আলোচিত