১৮ মার্চ, ২০২১ ২২:২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিষেধক ভ্যাকসিন (টিকা) প্রদান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভ্যাকসিন প্রদান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এরই মধ্যে দিয়ে আজ থেকে জগন্নাথপুরের ৮টি ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাশিম, মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার, ডা. খোকন চন্দ্র সাহা, ইউপি সদস্য তারা মিয়াসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। প্রথম দিনে ২০৮ জন করোনার টিকা নিয়েছেন। পর্য়াক্রমে অন্যান্য ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় এ উপজেলাও করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়। জগন্নাথপুরে বুধবার পর্যন্ত ৩ হাজার ২শ’জন টিকা নিয়েছেন। প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে।
আপনার মন্তব্য