১৯ মার্চ, ২০২১ ১৫:৫৭
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগির চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক সরাজ রঞ্জন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা আওয়ামী লীগ নেতা ডা. অসিত রঞ্জন রায়, অরূপ কুমার দেব মনাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশের ভূমিকায় দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িঘরে যে হামলার ঘটনা ঘটেছে সেটি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে হামলা চালালেও পুলিশ এই পর্যন্ত মাত্র ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আপনার মন্তব্য