নবীগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ, ২০২১ ১৬:৪১

নবীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলছাত্র আটক

হবিগঞ্জের নবীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ১৫ বছরের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে করগাঁও গ্রাম থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুচরিত কুমার চন্দ্র পণ্ডিত বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জের স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, কিশোরটি তার ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তিকর কথাবার্তা লিখে। যা ধর্মের উপর আঘাত পরে। বিষয়টি তাৎক্ষণিক নবীগঞ্জ থানা পুলিশের নজরে আসলে তাকে আটক করা হয়।

এদিকে নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তাকে আটক করা হয়। অপ্রাপ্তবয়স্ক (১৫) হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে বিশেষ অনুরোধ করেন।

আপনার মন্তব্য

আলোচিত