সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ মার্চ, ২০২১ ১৬:৪৪

সুনামগঞ্জে জোড়া খুন: ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান, ইনু মিয়, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন, আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া। তাদের সবার বাড়ি জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০০০ সালে ১৮ মার্চ এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের একজন মারধরের শিকার হন। পরদিন সকালে এ নিয়ে গ্রামে সালিশ হওয়ার কথা ছিল। ওই সালিশে যাওয়ার সময় পথে প্রতিপক্ষের লোকজনের গুলিতে আরপান আলী ও মতিউর রহমান গুরুতর আহত হন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তারা মারা যান।

এ ঘটনায় নিহতের আত্মীয় আতাউর রহমান ওই দিনই তাহিরপুর থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ৩১ মার্চ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার বিচার কাজ চলাকালে ৯ জন আসামির মৃত্যু হয়। এ ছাড়া ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত