০৬ মে, ২০২১ ১৮:৩১
সিলেট নগরের অভ্যন্তরীণ রুটে ট্রাক চলাচল বন্ধের দাবিতে জানিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
গতকাল বুধবার রাতে নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাবিপ্রবি প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাহিরের প্রধান সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এমন দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নগরের অভ্যন্তরীণ রুটে ট্রাক চলাচল বন্ধের দাবি ছয় দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে, সাব্বির হত্যার বিচার নিশ্চিত করা, সিলেট শহরের অভ্যন্তরীণ রুটে ট্রাক চলাচল বন্ধ রাখা, এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ, বিশ্ববিদ্যালয় গেইটের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বোরহান সাদিকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং নিহত সাব্বিরের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাসমির রেজা সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মলয় সরকারের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বনিক, সাবেক ছাত্র নেতা আব্দুর রশিদ রাশেদ, শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শাবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি সাদেক আহমদ, ইংরেজি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য মাহবুবুর রউফ, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ছোটন প্রমুখ।
শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্যের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাব্বিরের ঘটনাটি খুবই দুঃখজনক। যদি তার পরিবারের পক্ষ থেকে আর্থিক বা অন্যান্য সহায়তার জন্য যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে ফুটওভার ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হবে। বাইপাস রোড়ের ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেট প্রশাসন, সিটি কর্পোরেশন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরামর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমরা চাই না আর কোন মায়ের কোল খালি হোক'।
আপনার মন্তব্য