নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২১ ১৮:০১

সিলেটে ৫৯ হাজার মেট্রিক টন সিদ্ধচাল সংগ্রহ করবে সরকার

বোরো সিদ্ধচাল সংগ্রহ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী, প্রথমদিনে জেলায় ২০০ মেট্রিকটন সংগ্রহ

সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও শনিবার (৮ মে) থেকে সিদ্ধ চাল সংগ্রহ শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিলেট বিভাগে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ও ৩৩ হাজার ৭ মেট্রিক টন বোরো সিদ্ধচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার প্রথমদিনেই সিলেট জেলায় ২০০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, টাঙ্গাইলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লাসহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রতিটি বিভাগ ও জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিল মালিক প্রতিনিধিবৃন্দ।

সিলেট বিভাগের পক্ষ থেকে খোজারখলাস্থ সিলেট সদর উপজেলার খাদ্য গুদামে সিদ্ধ চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে ভার্চ্যূয়াল মাধ্যমে অংশগ্রহন করে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। ভার্চ্যূয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

এসময় অনুষ্ঠানস্থলে ্অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন, সিলেটের জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যেতি চাকমা, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরীসহ বিভিন্নস্তরের কর্মকর্তা। পরে শাহপরান অটো রাইসমিল থেকে সিদ্ধ চাল সংগ্রহের মাধ্যমে সিলেটে সিদ্ধ চাল সংগ্রহের অভিযান উদ্বোধন করা হয়।  

উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সংগ্রহ অভিযান চলাকালে কৃষকরা সরাসরি গুদামে গিয়ে ধান বিক্রি করছে। চাল সরবরাহের জন্য মিলাররা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গুদামে ধান দেওয়ার সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন তিনি। কৃষকের স্বার্র্থের কথা চিন্তা করে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য ধান চাল কেনার ক্ষেত্রে ধানকে অগ্রাধিকার দিতে বলেন মন্ত্রী।

খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য পরস্পর পরস্পরের সঙ্গে মিলেমিশে, ভালো আচরণ করার মাধ্যমে, সততা ও নিষ্ঠার সাথে নিত্যনতুন উদ্যোগ নিয়ে চলমান বোরো সংগ্রহ শতভাগ সফল করার আহ্বান জানিয়ে বলেন, চালের মান নিয়ে কোনো আপস নেই এবং কোনোভাবেই পুরাতন চাল দেওয়া যাবে না। এবারের বোরো ধানের চাল দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত