১১ মে, ২০২১ ১৬:২৫
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকল নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিনকে দিন বাড়ছে। এমন সংকট মোকাবেলায় সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে অনুসরণ করি। মাস্ক পরি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুই। সকল আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনন্দ বিলিয়ে দেই সকলের ঘরে ঘরে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে জানানো ঈদের শুভেচ্ছা মেয়র আরিফুল হক চৌধুরী এমন আহ্বান জানান।
তিনি বলেন, প্রিয় নগরবাসী, সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বিশ্ব স্বাস্থ্য বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণে নাজুক এই পরিস্থিতিতে এবার আমরা ঈদ পালন করছি। নানা সংকট সীমাবদ্ধতার মধ্যেও একটি মাস আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে সিয়াম সাধনা করেছি।
তার সৌভাগ্যবান যে, যারা আমাদের জীবনে মাহাত্ম্যপূর্ণ এই ঈদের দিনটি পেয়েছি। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। সিলেটের প্রাণপ্রিয় নগরবাসিসহ দেশ-বিদেশে অবস্থানকারী সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা জানেন, বিশ্বজুড়েই করোনা মহামারির কারণে জনজীবন বিপর্যস্ত। আমাদের দেশেও ছোবল বসিয়েছে করোনা। তাই উৎসবের এই দিনটিও আমাদের পালন করতে হচ্ছে সতর্কতার সঙ্গে, অনেক বিধিনিষেধ মেনে।
আনন্দের এই দিনে আমি স্মরণ করছি, আমাদের সেইসব স্বজনদের, যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পরপারে। বিশেষ করে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে দেশে-বিদেশে আমাদের অনেক প্রিয়জন হারিয়েছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আর বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত সহ নানা অসুস্থতায় জীবন যুদ্ধে লড়ছেন, তাদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দ্রুত সুস্থতার দোয়া প্রার্থনা করছি।
প্রিয় সিলেটবাসী, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছরে পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে আমি স্মরণ করছি একাত্তরের মুক্তিসংগ্রামে আত্মদানকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। তাদের পরিবারের প্রতিও জানাচ্ছি ঈদ শুভেচ্ছা।
আসুন সবাই মিলে আমাদের বাংলাদেশ তথা প্রাণের নগর সিলেটকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী নগর প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। নিরাপদে কাটুক সকলের ঈদ আয়োজন।
আপনার মন্তব্য