নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২১ ১৭:৩৫

এবারও সিলেটে ঈদের জামাত মসজিদে

আগামীকাল শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। ঈদগাহে বা খোলা জায়গায় ঈদুল ফিতরের জামাত আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

ধর্ম মন্ত্রণালয়ের এমন অনুরোধে সাড়া দিয়ে সিলেটের ধর্মপ্রাণ মুসুল্লিদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায়ের অনুরোধ করে সিলেটের ইমাম সমিতি। এরই প্রেক্ষিতে আগামীকাল সিলেটে ঈদগাহে ঈদের নামাজের পরিবর্তে জামাত অনুষ্ঠিত হবে প্রতিটি মসজিদে মসজিদে, আর তা হবে স্বাস্থ্যবিধি মেনে। এছাড়া মুসল্লি বেশি হলে অনুষ্ঠিত হবে একাধিক জামাত।

জানা যায়, সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এখানে একটি জামাতই অনুষ্ঠিত হবে। সেটি হবে সকাল সাড়ে ৮টায়। বিষয়টি নিশ্চিত করেছেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।

কালেক্টরেট জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টা একটি, ৮টায় একটি ৯টায় একটি ও সর্বশেষ সকাল ১০টায় একটি। এক ঘণ্টা পর পর ওই জামাতগুলো অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাড়ে ৮টায় একটাই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব বলেছেন, দরগা, কুদরতউল্লাহ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টরেট মসজিদসহ কয়েকটি মসজিদে ঈদের প্রদান জামাত হবে। এছাড়া মুসল্লি বেশি হলে অনুষ্ঠিত হবে একাধিক জামাত।

তিনি আরও বলেন, ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সিলেটের জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগ নিয়েছেন। এছাড়া আমরা গত শুক্রবার নগরীর প্রতিটি মসজিদে সচেতন করতে প্রচার প্রচারণা চালিয়েছি। একইসাথে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সচেতনমূলক পোস্ট দিয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত