নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২১ ১৮:৪২

পার্ক বন্ধ, চা বাগানে ভিড়

ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে পছন্দ করেন সকলেই। পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে ঘুরে আড্ডা দিয়ে ভাগাভাগি করে নেওয়া হয় ঈদের আনন্দ। ফলে প্রতিটি ঈদের সিলেটের পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটনস্পটগুলোতে থাকে উপচে পড়া ভিড়।

তবে এবারের চিত্র ভিন্ন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার ঈদের সময়ও লকডাউন চলছে। ফলে বন্ধ রয়েছে পার্কসহ সিলেটের সকল বিনোদন কেন্দ্র। পর্যটনস্পটগুলোতেও যেতে মানা।

তবু ঈদের সময়ে ঘরে আটকে রাখা যাচ্ছে না মানুষজনকে। পার্ক বন্ধ থাকলেও ঈদের ছুটিতে বাড়ির পাশের চা বাগানে ঘুরতে বেরিয়েছেন নগরের অনেকে।

শনিবার ঈদের পরদিন সিলেট নগরের লাক্তাতুরা চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়, মানুষজনের ভিড়। নানা বয়সের মানুষ এসেছেন চা বাগান। পরিবার পরিন নিয়েও এসেছেন অনেকে। করোনার স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না অনেকক্ষেত্রে।

সিলেটের তারাপুর চা বাগান এলাকায় গিয়েও দেখা গেছে, মানুষজন ভিড় করেছেন। এই বাগান এলাকায় সিলেট সিটি করপোরেশন নির্মিত ওয়াকওয়েতে ঘুরতে ঘুরতে আসা মানুষজন একেবারে গাদাগাদি করে আছেন।

ওসমানী বিমানবন্দর সড়কের বিভিন্ন চা বাগানের পাশেই ভ্রমণ পিপাসু মানুষজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে।

পরিবার নিয়ে লাক্কাতুরা চা বাগানে ঘুরতে আসা ব্যাংক কর্মকর্তা সজিব আহমদ বলেন, আজ ছুটি শেষ হয়ে যাবে। কাল থেকেই আবার অফিস। বাচ্চাকাচ্চারাও ঘরে থেকে একেবারে হাঁপিয়ে ওঠেছে। তাই বিকেলে একটু চা বাগানে এসেছি।

তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনেই ঘুরে বেড়াচ্ছেন বলে জানান তিনি।

এদিকে, সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে সিলেট নগরের বঙ্গবীর ওসমানী শিশু পার্ক, ড্রিমল্যান্ড পার্কসহ সবগুলো বিনোদন কেন্দ্র।

শনিবার বিকেলে নগরের ধোপাদিঘীর পাড় এলাকার বঙ্গবীর ওসমানী শিশু পার্কে গিয়ে দেখা যায়, পার্কের মুল ফটকে তালা ঝুলছে। পার্কটি একেবারে ফাঁকা।

আপনার মন্তব্য

আলোচিত