সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ মে, ২০২১ ২৩:১২

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সুনামগঞ্জ মানববন্ধন করেছেন সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তীতে গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এসময় প্রতিবাদকারীরা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত করে না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, হিমাদ্র শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, অরুণ চক্রবর্তী, ঝুনু চৌধুরী, আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিকুর রহমান, শহীদনুর আহমেদ, সিদ্ধার্থ আচার্য, পাপন সেন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত