তাহিরপুর প্রতিনিধি

১৯ মে, ২০২১ ১৯:১৮

রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় তাহিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জেবুন্নাহার কর্তৃক হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাবে সাবেক আহবায়ক ও কালেরকণ্ঠ প্রতিনিধি গোলাম সারোয়ার লিটন, দৈনিক বাংলাদেশ টুডে প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক রাজু আহমেদ রমজান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাজন চন্দ, ভোরের পাতা প্রতিনিধি আবুল কাশেম, সাংবাদিক সাবজল আহমদ, রাহাদ হাসান মুন্না, আহমদ কবির, শামসুল আলম আখঞ্জি, খুরশেদ আলম, টাইফুন মিয়া, আবু জাহান, মুরাদ মিয়া, তানবির আহমদ, রাসেল আহমদ, উজ্জ্বল হাসানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জেবুন্নাহার কর্তৃক হেনস্তা ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বর্তমান সরকার ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। দুর্নীতি মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিকরাও প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে দু' চার কলম লিখার সাহস পেলেও কিছু দুর্নীতিবাজ আমলার কারণে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।

বর্তমান সরকার কোভিড-১৯ করোনা ভাইরাসের চ্যালেঞ্জ অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করে যাচ্ছেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থস্তম্ভ বলা হলেও প্রায়ই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কলম তুললেই তেড়ে আসে বন্দুকের নল। শুরু হয় অকথ্য নির্যাতন। আমরা গণমাধ্যমকর্মী হিসেবে সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি, প্রথম আলের জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে যারা ন্যাক্কারজনক ভাবে হেনস্তা করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত বিচার করে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নিবেন।

আপনার মন্তব্য

আলোচিত