১৯ মে, ২০২১ ২০:৩৭
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ, মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৯ মে ) দুপুর ১২ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে (চৌমুহনীতে) দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পুর সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় মুখে কালো পতাকা বেঁধে সাংবাদিকরা প্রতিবাদ করেন।
এ সময় সাংবাদিকবৃন্দ বলেন, ‘সচিবালয়ের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসময় সাংবাদিকরা আরোও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আটকে রাখা, হেনস্তা করা, চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় হস্তান্তর করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে। নির্যাতন করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক হাবিবুর রহমান, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ইমরানুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, প্রভাত টিভির সম্পাদক ইকবাল খান, রাইজিংবিডির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ হাসান, সিলেট বিডি নিউজের জুড়ী প্রতিনিধি মুহিবুর রহমান, প্রভাত টিভির সহকারী পরিচালক মাজহারুল ইসলাম তামিম, ফটো সাংবাদিক খোরশেদ আলম, তরুণ সাংবাদিক আবিদ হোসাইন প্রমুখ।
আপনার মন্তব্য