২২ মে, ২০২১ ১৬:৪৯
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে ছাতকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২২ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদ জানান।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উপকার করে আসছেন। এসব কাজে সাংবাদিকদের নিজের কোন স্বার্থ থাকে না। নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হয়ে আসছে সাংবাদিক সমাজ। স্বাস্থ্য-বিভাগের দুর্নীতি তুলে ধরতে গিয়ে আমলাদের রোষানলে পড়তে হয়েছে রোজিনা ইসলামকে।
তারা আরও বলেন, তাকে মিথ্যে অভিযোগে হেনস্থা করে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে’ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ শাসনামলে তাদের নিজের স্বার্থে করা অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন সাংবাদিক রোজিনা ইসলামের উপর প্রয়োগ করা হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করছেন সাংবাদিকরা।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুণ-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক বদর উদ্দিন, বিজয় রায়, তমাল পোদ্দার, সদরুল আমিন, আনিসুল ইসলাম আজির, আলাউদ্দিন, হাবিবুর রহমান নাছির, সুজন তালুকদার, আব্দুস ছালাম, সেলিম মাহবুব, মাহমুদুল হাসন মিসবাহ, প্রেসের আলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য