২৯ মে, ২০২১ ১৯:৩৪
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুনামগঞ্জে বিমানবন্দরসহ আরও বড় বড় উন্নয়ন হবে। ইতিমধ্যে হাওরবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হতে চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না। তাই শেখ হাসিনার প্রতি আস্থার রাখার আহ্বান জানান।
শনিবার (২৯ মে) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের উন্নয়নের পাশাপাশি গ্রামের উন্নয়নে মনোনিবেশ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। গ্রামকে শহরের সুযোগ সুবিধা দিতে তিনি কাজ করছেন। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য ও গ্রামের পিছিয়ে থাকা মানুষকে উন্নয়নের আওতায় আনতে আমরা কাজ করছি।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নয়ন কার্যক্রমকে কিছুটা স্তিমিত হলেও আমরা উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ , যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক রুমেন আহমেদ, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
আপনার মন্তব্য