হবিগঞ্জ প্রতিনিধি

২৯ মে, ২০২১ ২০:০৫

সেগুন গাছ পাচারের জেরে চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জের চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাটে নালুয়া চা বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ এনে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

শনিবার সকাল থেকে কাজ বন্ধ করে তারা আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকরা বাগানের ফ্যাক্টরী ও অফিসে তালা ঝুলিয়ে ব্যবস্থাপকের অপসারনের দাবিতে শ্লোগান দিতে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটি’র সভাপতি উপেন্দ্র উড়াং, সাধারণ সম্পাদক সমাকান্ত মুন্ড, বাগানের মেম্বার নটবর রুদ্রপাল, মাখন গোস্বামী, শ্রমিক নেতা স্বপন তাঁতীসহ আরও অনেক শ্রমিক নেতা।

শ্রমিকরা বলেন, ‘শুক্রবার বিকেলে বাগান ম্যানেজার ইফতেখার এনাম নালুয়া চা বাগানের সেগুন কাঠ অন্যত্র পাচার করে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে চা শ্রমিক নেতৃবৃন্দ ম্যানেজারের কাছে জানতে চাইলে উল্টো তিনি শ্রমিক নেতাদের সাথে দূর্ব্যবহার করেন। ’

এর আগেও একাধিকবার তিনি চা বাগানের মূল্যবান কাঠ পাচার করেছেন বলে জানান শ্রমিকরা।

এ ব্যাপারে নালুয়া চা বাগান পঞ্চায়েত কমিটি’র সভাপতি উপেন্দ্র উড়াং বলেন, ‘বাগান ম্যানেজার ইফতেখার এনাম বারবার চা বাগানের মূল্যবান কাঠ বিক্রি করে দিচ্ছেন। এ ব্যাপারে আমরা তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমাদের প্রতি উত্তেজিত হয়ে উঠেন। যে কারণে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে বাগানের শ্রমিকদের মাধ্যমে ফার্নিচার বানানোর জন্য কাঠ বাজারে পাঠানো হয়েছে। এবার তিনি বাগানের গাড়ি রেখে বাহিরে গাড়ি দিয়ে অন্য জায়গায় কাঠ পাচার করে দিয়েছেন। এমনকি আমাদেরকে বিষয়টি অবগত করেননি।’

অভিযুক্ত বাগান ব্যবস্থাপক ইফতেখার এনাম বলেন, ‘কাঠগুলো বাগানের বিভিন্ন ফার্নিচারের জন্য বাজারে পাঠানো হয়েছে। কিন্তু শ্রমিক নেতারা শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছেন।’

আপনার মন্তব্য

আলোচিত