২৯ মে, ২০২১ ২০:২৬
সিলেটের বালাগঞ্জে ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধীরাজ পাল খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন।
শনিবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুর ১২টায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে সিলেট নগরের চালিবন্দর মহাশশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
হত্যার ঘটনায় রাতে বালাগঞ্জ থানায় মামলা করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
গত শুক্রবার দুপুরে বালাগঞ্জের গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধীরাজ পালকে তার কর্মস্থলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা ব্রিকফিল্ডের টাকাপয়সা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।
পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান রাত ৮টায় সিলেটটুডেকে বলেন, ‘ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। খুনিদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’
ধীরাজ পাল গত আট বছর ধরে বালাগঞ্জের গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের প্রধান ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের বাসিন্দা।
আপনার মন্তব্য