নবীগঞ্জ প্রতিনিধি

৩০ মে, ২০২১ ২১:৩৮

‘আর নয় ভাবনা, ঘরে বসে দিন জমির খাজনা’

‘আর নয় ভাবনা,ঘরে বসে দিন জমির খাজনা’ ‘দেশের উন্নয়নে অংশ নিন, যথা সময়ে খাজনা দিন’ এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার আগামী ২০২১-২০২২ অর্থ বছরে প্রত্যেক নাগরিকের জন্য জমির খাজনা ঘরে বসে দেওয়ার ব্যবস্থা করেছে। খাজনা হলো জমি পরিচয়ের ভিত্তি ও হস্তান্তরের চালিকা শক্তি। তাই এই সেবার মাধ্যমে ১ জুলাই থেকে সকলে ঘরে বসে খাজনা দিতে পারবেন।

নবীগঞ্জ ভূমি অফিস সূত্রে জানা যায়, সরকার ভূমি উন্নয়ন কর (ভূমির খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন, ২০২১ এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় হবে না। এর পরিবর্তে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে অনলাইন আবেদনের মাধ্যমে। এর ফলে ভূমি মালিকগন ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাহিরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান ও দাখিলা সংগ্রহ করতে পারবেন।

নবীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসসমূহে মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি করার কার্যক্রম চলছে। অনলাইনে এন্টির জন্য প্রমানক জমির খতিয়ানের কপি, দলিল,পূর্ববর্তী দাখিলার কপি,পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ভূমি মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন বলেন, এ প্রচেষ্টা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন । অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমি মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত